ঝরঝর করে কেঁদে ফেলেন সিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমা দেখার পর এতটাই আবেগ আপ্লুত হয়ে যান যে সহশিল্পী তারিক আনাম খানের কাঁধে মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলেন সিয়াম
প্রথম আলো

গতকাল যমুনা ব্লকবাস্টারে উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল নতুন ছবি ‘মৃধা বনাম মৃধা’র। রনি ভৌমিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরোজ প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনীতে সিয়াম জানিয়েছিলেন, দর্শকের সঙ্গেই নিজের সিনেমাটি প্রথম দেখছেন তিনি। সিনেমা দেখার পর এতটাই আবেগ আপ্লুত হয়ে যান যে সহশিল্পী তারিক আনাম খানের কাঁধে মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। দুজনেরই চোখে ছিল পানি।

বাবা–ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে এই ছবির গল্পে। ছবিতে তারিক আনাম খান ও সিয়াম আহমেদকে বাবা ও ছেলের চরিত্রে দেখা যাবে। উদ্বোধনী প্রদর্শনীর শুরুতে তারিক আনাম খান বলেন, ‘এ সময় চলচ্চিত্রের যখন একটা মন্দা অবস্থা যাচ্ছে, তখন এই ছবি এসেছে। আপনাদের সবার শুভকামনা আমরা চাই। যাঁরা দেখবেন, তাঁরা বলবেন, যত দিন ছবিটি চলবে, হলে গিয়ে যেন ছবিটি দেখেন। তাহলেই আমাদের চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে।’

গতকাল যমুনা ব্লকবাস্টারে উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল নতুন ছবি ‘মৃধা বনাম মৃধা’র
প্রথম আলো

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘যাঁরা ছবিটি দেখে এখান থেকে যাবেন, তাঁদের কাছে একটাই অনুরোধ থাকবে। যেহেতু আমরা একটা কঠিন সময় পার করছি সিনেমার ক্ষেত্রে, যদি ছবির কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের পরিচিত মানুষদের এতটুকু উৎসাহ দেবেন, যেন বাবাকে নিয়ে ছবিটি দেখতে আসেন। আমি আমার বাবাকে নিয়ে ছবিটি দেখতে এসেছি।’

ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির নায়িকা নোভা ফিরোজ, পরিচালক রনি ভৌমিক, অভিনেতা মোশাররফ করিম, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী নিমা রহমান, পরিচালক তৌকীর আহমেদ প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক অনন্য মামুন।

‘মৃধা বনাম মৃধা’ ছবির একটি দৃশ্যে সিয়াম ও নোভা
সংগৃহীত

ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দর্শকেরা। একজন দর্শককে বলতে শোনা যায়, দীর্ঘদিন পরে পারিবারিক গল্পের একটি ছবি এল সিনেমা হলে। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। ছবিতে আরও অভিনয় করেছেন তৌফিকুল ইসলাম, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।