টলিউড যেতে চান পূর্ণিমা!

টলিউডে কাজের অভিজ্ঞতা? সেটা অভিনেত্রী পূর্ণিমার অনেক আগেই হয়েছে। টলিউডে কাজ করতে চান সম্প্রতি এমনটিই জানিয়েছেন তিনি। সেখানকার অভিনেতা, কলাকুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকেই সম্ভবত টলিউড নিয়ে পূর্ণিমা এমনটি ভাবছেন। প্রথম আলোর সঙ্গে এক আলাপে পূর্ণিমা জানিয়েছেন, যৌথ প্রযোজনা কিংবা পুরোপুরি টলিউডের ছবিতে কাজ করতে চাইছেন তিনি।
তা প্রায় বছর দু-এক তো হলোই; নতুন কোনো চলচ্চিত্রেই কাজ করার খবর মিলছে না বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর। সম্ভবত মা হওয়ার কারণেই তাঁর এই বিরতি নেওয়া। পূর্ণিমার সন্তান আরশিয়ার বয়স এখন দেড় বছর। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেও শারীরিকভাবে ফিট করে তুলছেন তিনি। আবারও তৈরি হচ্ছেন কাজের জন্য।

যদিও এরই মধ্যে অভিনয় শুরু করেছেন। তবে আপাতত তা ছোট পর্দায়। জানিয়েছেন বড় পর্দায় একটু রয়েসয়েই আসতে চান। তবে এখনকার ভালো লাগাটা যৌথ প্রযোজনা কিংবা টলিউডের ছবির দিকে।
এমন ইচ্ছে কেন হলো জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘আমি আসলে ভালো ছবির কাজ কাজ করতে চাই। কিন্তু আমাদের দেশে তো এখন ভালো মানের ছবি সেভাবে হচ্ছেই না। বাংলাদেশে এখন যেসব সিনেমা তৈরি হচ্ছে, এগুলোর বেশির ভাগই আমার কাছে মিউজিক ভিডিওর মতো মনে হয়। অনেক ক্ষেত্রে তো মনে হয়, লম্বা একটা টেলিফিল্ম দেখছি। এগুলো না হচ্ছে সিনেমা, না হচ্ছে নাটক। অন্যদিকে কলকাতার ছবি দেখলে মনে হচ্ছে, সত্যিকারের একটা সিনেমা দেখছি। আমাদের দেশে যাঁরা আবার যৌথ প্রযোজনায় ছবি বানাচ্ছেন, সেগুলো কিছুটা হলেও ভালো লাগছে।’
টলিউডের ছবিতে কাজ করতে পারবেন বলে মনে হয়? এর উত্তরে পূর্ণিমা বলেন, ‘আমার নিজের ইচ্ছে আছে কলকাতার ছবিতে কাজ করার। জানি না পারব কিনা।’
টলিউডের ছবিতে অভিনয়ের ব্যাপারে কারও সঙ্গে কি আলাপ হয়েছে? এ ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘না আলাপ হয়নি।’
টলিউডের ছবিতে অভিনয়ের ইচ্ছেটা কি আগে থেকেই ছিল? এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, অনেক আগে থেকেই কলকাতার ছবিতে কাজ করার একটা ইচ্ছে ছিল। হতে পারে তা যৌথ প্রযোজনারও। একজন মানুষের শখ থাকতে পারে না। এটাও আমার একটা শখ বলতে পারেন।’
কলকাতার ছবিতে কাজের ক্ষেত্রে বিশেষ কোনো কারণ আছে কী? পূর্ণিমা এর জবাবে বলেন, ‘আমি তো বাংলাদেশের ছবিতে কাজ করেছি, সামনেও হয়তো করব। কিন্তু কেন জানি, কলকাতার কাজের ধরনটা আমার ভালো লাগে। আমাদের ছবির চেয়ে কলকাতায় এখন যেসব ছবি নির্মিত হচ্ছে সেসবের ধরন একটু আলাদা। ‘মনের মাঝে তুমি’ ছবির কাজটি করতে গিয়েও টের পেয়েছি। এরপর অবশ্য আমার আর ওই ধরনের কাজ আর করা হয়নি। আমি চাই, ওই ধরনের ছবি বা দলের সঙ্গে আবারও কাজ করার।’
পূর্ণিমা অভিনীত হলে মুক্তি পাওয়া সর্বশেষ ছবিটির নাম ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটিতে পূর্ণিমার সহশিল্পী ছিলেন রিয়াজ ও আমিন খান। একটি ছবির শুটিং শেষ করার পরও এখনো আটকে আছে। ছবিটি মুক্তির কোনো খোঁজ নাকি পূর্ণিমার কাছেও নেই। মোহাম্মাদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ছবিটির নাম ‘ছায়া-ছবি’। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এদিকে এবারের ঈদে পূর্ণিমা অভিনীত দুটি নাটক প্রচারিত হবে। এগুলো হচ্ছে আরিফ খানের ‘আমার বেলা যে যায়’ আর তুহিন হোসেনের ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত’। প্রথমটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ আর দ্বিতীয়টিতে মোশাররফ করিম ও ইরেশ যাকেরের সঙ্গে।