ডিজিটাল ছবিতে ববিতার অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববিতা l ছবি: খালেদ সরকার
ববিতা l ছবি: খালেদ সরকার

ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবির প্রতি অনীহা অভিনয়শিল্পী ববিতার। আর এ কারণেই নাকি কিছুদিন আগে একসঙ্গে পাঁচটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ববিতা বললেন, ‘ঘটনা সত্যি। মাঝে আমি ডিজিটাল ফরম্যাটের পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও কাজ ছেড়ে দিয়েছি। ছবিগুলোর সাইনিং মানিও সবাইকে ফেরত দিয়েছি।’কেন এই নতুন প্রযুক্তিতে নির্মিত ছবির প্রতি অনীহা? ববিতার​ জবাব, ‘ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণের হিড়িক শুরু হওয়ার পর আমি নিজেও না বুঝে চার-পাঁচটি কাজ করেছি। কোনোটির অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল না। হয়তো ওই সব নির্মাতা তাঁদের কাজ দিয়ে আমাকে মুগ্ধ করতে পারেননি। বলতে পারেন পুতুল খেলার বয়স থেকেই আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করি। সে সময় আমাদের কাজের ধরন ছিল একেবারেই অন্য রকম। এখন সেই চিত্র বদলে গেছে। সত্যি কথা বলতে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিতে অভিনয় করে আমি কোনো আনন্দ পাইনি। এসব ছবিকে আমার না মনে হয় নাটক, না টেলিফিল্ম, না সিনেমা। আবার এটাও বলা যেতে পারে, ডিজিটাল ছবির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না।’
বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারাই কিন্তু এখন ডিজিটাল ফরম্যাটে প্রচুর ছবি নির্মাণ করছেন। বাংলাদেশেও বেশ কিছুদিন ধরেই এই প্রযুক্তিতে ছবি নির্মিত হচ্ছে। তাহলে?
ববিতা বলেন, ‘তা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিগুলো এখনো পরিপূর্ণভাবে ছবি হয়ে ওঠেনি। এর জন্য দরকার নির্মাতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। একটা প্রযুক্তি এসেছে, তাই বলে বুঝে, না বুঝে কাজ করব তা তো হয় না।’