ডিসেম্বরজুড়ে ছবি মুক্তির হিড়িক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালদা
হালদা

বছরের শেষে এসে সিনেমাপাড়ার মানুষজনের মুখে কিছুটা হলেও তৃপ্তির হাসি ফুটেছে। সারা বছর দম ধরে থাকা সিনেমা যেন নতুন রূপ পাচ্ছে। সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শক লাইন ধরছে। দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে শুরু হয়েছে দর্শকের এই জোয়ার। অক্টোবরের শুরুতে মুক্তি পাওয়া ছবিটি প্রায় সমান গতিতে এগিয়ে চলেছে। এখনো দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি দেখছেন দর্শক। অক্টোবরের শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তি পাওয়ায় সিনেমাপ্রেমী দর্শকের সেই উন্মাদনার মাত্রা আরও বেড়ে গেছে।

গহীন বালুচর
গহীন বালুচর

নভেম্বর মাসে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ সময় বেশির ভাগ দর্শকের আগ্রহ থাকবে ক্রিকেট নিয়ে আর চোখ থাকবে টিভির পর্দায়। তাই এ সময় তেমন কোনো ছবি মুক্তি পাবে না। ডিসেম্বর মাসে আবারও প্রেক্ষাগৃহগুলো জমে ওঠার আভাস মিলছে। জানা গেছে, ডিসেম্বর মাসে বড় বাজেটের এবং বড় পরিচালকের একাধিক ছবি মুক্তি পাবে।

অন্তর জ্বালা
অন্তর জ্বালা

প্রযোজক ও পরিবেশক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতা থেকে জানা গেছে, ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদের ‘হালদা’, ৮ ডিসেম্বর দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর। ২২ ডিসেম্বর তিনটি ছবির মুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে—জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’, মোরশেদুল ইসলামে ‘আখি ও তার বন্ধুরা’ এবং অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’, ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’।

ভালো থেকো
ভালো থেকো

এদিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিগুলোর প্রযোজক আর পরিচালকেরাও। ‘হালদা’ ছবির পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘এ বছর ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। আর সময়টাও সিনেমার জন্য ভালো যাচ্ছে। তাই ১ ডিসেম্বর দিনটি আমরা বেছে নিয়েছি।’

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। তাই এ সময় শুভ অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি দিচ্ছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার অভি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ থেকে শুভর দর্শক বেড়েছে। সময়টা তাঁর জন্য ভালো। সে কারণে ‘ভালো থেকো’ ছবিটি আমরা মুক্তি দিচ্ছি।

ইনোসেন্ট লাভ
ইনোসেন্ট লাভ

‘ভালো থেকো’ ছবি নিয়ে আরিফিন শুভ নিজেও আশাবাদী। তিনি বলেন, ‘“ঢাকা অ্যাটাক” এক ধরনের ছবি আর “ভালো থেকো” আরেক ধরনের। আমি এই ছবিতে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি, এই ছবি দেখতেও প্রেক্ষাগৃহে দর্শকের জোয়ার ওঠার সম্ভাবনা আছে।’

প্রয়াত নায়ক মান্নার জীবন নিয়ে তৈরি ‘অন্তর জ্বালা’ ছবিটি দিয়ে বাজিমাত করতে চান গুণী নির্মাতা মালেক আফসারি। ‘হিরা চুনি পান্না’ কিংবা ‘এই ঘর এই সংসার’ ছবির পরিচালক মালেক আফসারি বলেন, ‘“অন্তর জ্বালা” ছবিতে পরীমনি ও জায়েদ খানকে যেভাবে তুলে আনা হয়েছে, আমার বিশ্বাস, দর্শক ছবি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বের হবেন।’

চল পালাই
চল পালাই

তিনি আরও বলেন, ‘রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা আমাদের। এরই মধ্যে হল বুকিং শুরু হয়েছে গেছে।’

পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবি নিয়ে পরিচালক অপূর্ব রানা বলেন, ‘ছবিটি ২২ ডিসেম্বর মুক্তির জন্য সবার আগে প্রযোজক ও পরিবেশক সমিতিতে নাম নিবন্ধন করেছি। ৮০টা প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।’

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বরের এই পুরো সময়টাকে সিনেমার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন কেউ কেউ। পরিচালক সমিতির মহাসচিব ও নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘২০১৮ সালের মধ্যেই আমাদের সিনেমা একটা জায়গায় পৌঁছে যাবে। ইতিমধ্যে সেই লক্ষণ শুরু হয়ে গেছে।’