ডিসেম্বরে মা হচ্ছেন রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী মনসুর আলীর সঙ্গে রুহি
স্বামী মনসুর আলীর সঙ্গে রুহি

এ বছরের ডিসেম্বরে মা হতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী রুহি। আর তাই এখন সব ধরনের শুটিংয়ের কাজই বন্ধ রেখেছেন। এই সময়টা পুরোপুরি নিজেকে দিচ্ছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন রুহি।
ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মনসুর আলীকে ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই মনসুর আলির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল রুহির। এরপর তা রূপ নেয় ভালোবাসায়। গত বছরের ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তাঁরা।
মা হওয়া প্রসঙ্গে রুহি জানিয়েছেন, জীবনের অন্যরকম একটা সময় পার করছেন তিনি। এই সময়টার আনন্দ কেমন; যাঁরা মা হয়েছেন কেবল তাঁরাই তা অনুভব করেন। তিনি বলেন, ‘আমার সব ভাবনা-চিন্তাই এখন আমার অনাগত সন্তানকে ঘিরে। সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি। জীবনটা হলো সুখ, সাফল্য ও ভালোবাসার স্মরণীয় অধ্যায়।
রুহি বলেন, ‘আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। সবাই আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।’
এক সময় র‍্যাম্পে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন রুহি। তারপর ভালো লাগা থেকে নাটকের কাজ শুরু করেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ঢাকা ও কলকাতার চলচ্চিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে। রুহি অভিনীত ছবিগুলোর মধ্যে আছে মনসুর আলির ‘একাত্তরের সংগ্রাম’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা শান্তির ‘মায়ানগর’ এবং মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’।