ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘দ্য অ্যাঙ্গার’ দিয়ে শুরু হয়েছে উৎসব। আজ দেখা যাবে একগুচ্ছ দেশ-বিদেশের সিনেমাছবি: কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন সংস্কৃতি ও ধর্মের দুজন নারী-পুরুষের প্রেম নিয়ে দ্য অ্যাঙ্গার ছবির গল্প। সর্বস্ব উজাড় করা সেই ভালোবাসা, পরস্পরকে আঁকড়ে ধরার অন্তরায় হয়ে দাঁড়ায় যেখানে ভিন্ন ধর্ম-সংস্কৃতি। বহু সংস্কৃতির দেশ লেবাননে হয়েছিল ছবিটির অনেকাংশের শুটিং। মারিয়া ইভানোভা জেড পরিচালিত এ ছবি দিয়ে শুরু হলো ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র—এই ১০ বিভাগে দেখানোর পরিকল্পনা ৭০টি দেশের ২২১টি চলচ্চিত্র।

প্রতিদিন ৭টি ভেন্যুতে দেখানো হবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্যের এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন দৈর্ঘ্যের চলচ্চিত্র। এগুলোর মধ্যে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ও ২২টি স্বল্প ও স্বাধীন দৈর্ঘ্যের ছবি বাংলাদেশের। ভেন্যুগুলো হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সরকারি গণগ্রন্থাগার ও প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তনেও চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি ছাড়াও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।