তাজিয়ার জন্য এক বছর অপেক্ষা

‘ঘণ্টিঘর’ ছবির শুটিং শুরু হয় গত বছরের শীতে। তত দিনে শেষ হয়ে গেছে মহররম। ছবিতে প্রয়োজন ছিল একটি তাজিয়া মিছিলের দৃশ্য। সত্যিকারের তাজিয়া মিছিল ও লাঠিখেলার জন্য পরিচালককে অপেক্ষা করতে হয়েছে পুরো একটি বছর। সম্প্রতি ধারণ করা হয়েছে মহররমকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতার সেই দৃশ্যগুলো।
ঈশ্বরদীর লেকুশেঠ মাঠে বৃহৎ পরিসরে আয়োজন করা হয় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সিনেমার শুটিংয়ের জন্য গত সপ্তাহে একটি ইউনিট নিয়ে সেখানে হাজির হন ‘ঘণ্টিঘর’ ছবির পরিচালক পারভেজ আমিন। ছবির দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তাজিয়ার বানানো সেটের বদলে সত্যিকারের তাজিয়া মিছিলে ঢুকে পড়েন ছবির চরিত্র ‘বড় রনি’। চরিত্রটিতে অভিনয় করা সুজাত শিমুল জানান, কাজটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল তাঁর জন্য। একপর্যায়ে ভীষণ ভীত হয়ে পড়েন তিনি। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত সেখান থেকে সরে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। শিমুল বলেন, ‘হতাশ এক বখাটে বিহারি তরুণের চরিত্রে অভিনয় করেছি আমি। ওই দৃশ্যটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। ভীষণ ভয় পেয়েছিলাম, এমনকি শরীরে বেশ চোটও লেগেছিল।’
পরিচালক জানান, ছবির দুটি গান ও শেষ লটের শুটিং বাকি আছে। সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ‘ঘণ্টিঘর’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন আশিস খন্দকার, রুনা খান, দীপা খন্দকার, আবদুল্লাহ রানা প্রমুখ।