তারকারা কাকে অনুসরণ করেন
২০১৪ সালের ১২ আগস্ট প্রথম ফেসবুক পেজ চালু করেন শাকিব খান। ৯ মাসের মাথায় পেজটি ভেরিফাইড হয়। তখন এই ঢালিউড তারকা এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তাঁর অনুসারী ১ লাখ ৭৫ হাজার। ৫ বছরের ব্যবধানে এখন সেই পেজ অনুসরণ করেন ৫৫ লাখ ভক্ত। কিন্তু এই অভিনয়শিল্পী কাকে অনুসরণ করেন? ব্যক্তি ধরে যদি বলেন, তাহলে কাউকেই নয়। তবে একটা প্রতিষ্ঠানকে তিনি অনুসরণ করেন, এসকে ফিল্মস নামের এই প্রযোজনা প্রতিষ্ঠানটির মালিক শাকিব নিজেই। অনুসরণ করার মতো কেউ নেই? জিজ্ঞাসা করতেই শাকিব বলেন, ‘দেশ-বিদেশের যেসব প্রিয় তারকা আছেন, তাঁদের তথ্য জানার আরও নানা মাধ্যম আছে। সেখানেই তাঁদের খবর জানি।’
ফেসবুকে কোটির বেশি অনুসারী আছে, বাংলাদেশে এমন বিনোদন তারকা একজনই—পরীমনি। তাঁর অনুসারী আছেন ১ কোটি ২৩ লাখ। আরও কিছু তারকার অনুসারীর সংখ্যাও প্রায় কোটি ছুঁই ছুঁই। প্রিয় তারকাদের খোঁজখবর নিতেই ভক্তরা তাঁদের ফেসবুক পেজে অনুসরণ করেন। কিন্তু শাকিব খানের মতোই বেশ কিছু তারকা কাউকেই অনুসরণ করেন না। বেশ কিছু তারকা অবশ্য পছন্দের দেশি–বিদেশি তারকা, খেলোয়াড় ও বিশেষ মানুষদের অনুসরণ করেন।
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ফেসবুকে অনুসরণ করেন প্রায় ৯১ লাখ ভক্ত। তিনি কিন্তু কাউকে অনুসরণ করেন না। তাহসান বলেন, ‘আমি ফেসবুকে খুব কম সময় ব্যয় করি। সে জন্য ফেসবুক পেজ থেকে কাউকে ফলো করি না। তবে আগে অনেককে ফলো করতাম।’ বিদ্যা সিনহা মিমও একই পথের পথিক। এখন কেন করেন না? শুনেই হাসলেন ৫৩ লাখ অনুসারীর মালকিন। জানালেন, ফেসবুক আইডি থেকে একাধিক পছন্দের মানুষ ও তারকাকে পছন্দ করেন তিনি। এই কারণে ফেসবুক পেজ থেকে আলাদা করে কাউকে ফলো করেন না। প্রায় শতাধিক তারকার প্রোফাইল ঘুরে দেখা যায়, হাবীব ওয়াহিদ, দীঘি, সাবিলা নূর, সাফা কবিরসহ আরও অনেকেই কাউকে অনুসরণ করেন না।
বেশ কিছু তারকা নিজের গণ্ডির বাইরে কাউকে অনুসরণ করেন না। ৭৬ লাখ অনুসারী নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস তাঁর ছেলে আব্রাহামকে অনুসরণ করেন। সংগীতশিল্পী পড়শীর অনুসারী ৫৮ লাখ। এই সংগীতশিল্পী শুধু নিজেকেই অনুসরণ করেন। অভিনেতা অপূর্ব ও সাবিলা নূরও একই কাজ করেন।
‘হলিউড ও বলিউডের অনেক তারকাকেই আমি অনুসরণ করি। উইল স্মিথ, ক্রিস্টেন বেল, আমির খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, চঞ্চল চৌধুরীসহ অনেক অভিনয়শিল্পীরই আমি ভক্ত। তাঁদের নিয়মিত আপডেট পেতেই ফেসবুকে অনুসরণ করি,’ বললেন আরিফিন শুভ। দেখা গেল, তিনি শাকিব খানকেও অনুসরণ করেন।
নুসরাত ফারিয়ার অনুসারী ৭১ লাখ। চার ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে অনুসরণ করেন তিনি। ৯ জনকে অনুসরণ করেন মোশাররফ করিম ও গায়ক ইমরান। মোশাররফ করিম বলেন, ‘আমার পছন্দের অনেকেই আছেন, যাঁরা ফেসবুক ব্যবহার করেন না। পছন্দের যাঁদের পেয়েছি, তাঁদেরই ফলো করেছি।’ প্রিয় নায়ক, দেশ–বিদেশের সংগীতশিল্পী, খেলোয়াড়সহ ৮৮ জনকে অনুসরণ করেন আসিফ আকবর। তাঁর অনুসারী ৩৫ লাখ। নুসরাত ইমরোজ তিশার অনুসারী ৪৩ লাখ। ৭৯ জনকে অনুসরণ করেন তিনি। তাঁর পছন্দের তালিকায় আছে দেশি খেলোয়াড়, বিদেশি গায়ক, প্রসাধনী কেনাকাটার অনলাইন পেজ ইত্যাদি। বিরাট কোহলি, ঋত্বিক রোশন, সালমান শাহ, স্ত্রী অবন্তীসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করেন অভিনেতা সিয়াম আহমেদ। তাঁর ফলোয়ার ২৮ লাখ।
‘আমি দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের পোশাকের খুবই ভক্ত। এই কারণে তাঁদের ফলো করি। আর অভিনয় শেখার জন্য শাবনূর আপুকে ফলো করি। পছন্দ করি বলেই ফলো করি,’ বলেন তরুণ অভিনেত্রী পূজা চেরি। তাঁর পছন্দের তালিকায় আছেন শাকিব খান, বিদ্যা সিনহা মীম, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, বাপ্পী চৌধুরীসহ ৫৭ জন।
দেশের অভিনয়শিল্পীদের মধ্যে একমাত্র তানজিন তিশাকে অনুসরণ করেন ফারহান আহমেদ জোভান। এই অভিনেতা মূলত বিদেশি স্টুডিও ও কিছু প্রতিষ্ঠানকে অনুসরণ করেন। সর্বাধিক ৬৮০ জনকে অনুসরণ করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এই তালিকায় যেমন তারকা, লেখক, কবি ও সাংবাদিক আছেন, তেমনি আছে প্রথম আলো, ইউটিউব, ফায়ারফক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ।
প্রায় ৬০ লাখ ভক্ত মেহজাবীন চৌধুরীকে অনুসরণ করেন। কিন্তু তিনি কাকে অনুসরণ করেন, সেই তথ্য লুকিয়ে রেখেছেন এই অভিনেত্রী। একই পন্থা অবলম্বন করেছেন পরীমনি, আফরান নিশোসহ একাধিক তারকা।