তিন নায়কের এক নায়িকা

একই ছবিতে তিন নায়কের বিপরীতে এক নায়িকা। আর সেই নায়িকা হলেন ববি। ছবির নাম নীলিমা। নাম ভূমিকায়ই আছেন ববি। ছবির পরিচালক ইফতেখার চৌধুরী।
ছবিটি নির্মাণ করছে কেবি মোশন পিকচার্স। ইতিমধ্যেই মাল্টার গোজো, ছেলিমা ও ভ্যালেটার লোকেশনে ছবির আশি ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ হবে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। টানা ২৪ দিন কাজ শেষ করার পর সম্প্রতি দেশে ফিরেছেন ছবির নায়িকা ও পরিচালক।

ববি জানিয়েছেন, ছবিতে তিনজন নায়কের একজন বাংলাদেশের জন, বাকি দুজন ইতালির আন্দ্রে গ্রেচি ও ভারতে নিক্স ভাজা। এই তিনজনের বিপরীতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, ‘তাঁদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। কারণ সবাই পেশাদার শিল্পী। সকাল ছয়টায় শুটিং হলে ছয়টায়ই স্পটে সবাই হাজির।’
সহশিল্পী হিসেবে বিদেশি দুই অভিনেতার সঙ্গে সংলাপ বলতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি-জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কোনো সমস্যা হয়নি। আশা করি দর্শকেরও কোনো সমস্যা হবে না। ছবিটি দেখতে বসলে দৃশ্যে কী ঘটছে, দর্শকেরা তা সহজেই বুঝে যাবেন।’
সম্পর্কের জটিলতাই এ ছবির মূল গল্প। তবে এই গল্পে কমেডিও আছে-জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।