তিন সখীর এক সখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আরও একবার’ ছবির শুটিংয়ের ফাঁকে রুপা গাঙ্গুলি, ফেরদৌস, ইন্দ্রানী হালদার ও ঋতুপর্ণা
‘আরও একবার’ ছবির শুটিংয়ের ফাঁকে রুপা গাঙ্গুলি, ফেরদৌস, ইন্দ্রানী হালদার ও ঋতুপর্ণা

বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও সমানতালে কাজ করেন ফেরদৌস। সম্প্রতি কলকাতায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন তিনি। নাম ‘আরও একবার’। পরিচালক জন হালদার। এতে ফেরদৌসের সহশিল্পীরা হলেন ঋতুপর্ণা, রুপা গাঙ্গুলি ও ইন্দ্রানী হালদার।

‘আরও একবার’ ছবির শুটিংয়ে ফেরদৌস এখন কলকাতায়। সকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। ছবির গল্প প্রসঙ্গে ফেরদৌস জানান, ‘আরও একবার’ ছবিতে ঋতুপর্ণা, রুপা গাঙ্গুলি ও ইন্দ্রানী হালদার তিন বান্ধবী। জীবনসংগ্রামের একপর্যায়ে এসে হতাশায় নিমজ্জিত হন এই তিন নারী। ঘটনাচক্রে এঁদের সবার সঙ্গে দেখা হয় ও ঘনিষ্ঠতা হয় তাঁর। চেষ্টা করতে থাকেন এঁদের সবাইকে হতাশা থেকে উদ্ধার করার। এভাবেই ছবির গল্প এগোতে থাকে।

‘আরও একবার’ ছবির মধ্য দিয়ে এবারই প্রথম রুপা গাঙ্গুলির সঙ্গে কাজ করলেন ফেরদৌস। বললেন, ‘ঋতু আমার খুব ভালো বন্ধু। তাঁর সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছি। ইন্দ্রানী হালদারের সঙ্গেও “সাঁঝ বাতির রূপকথা” নামের একটি ছবিতে কাজ করেছি। কিন্তু রুপার সঙ্গে এই প্রথম কাজ করার অভিজ্ঞতা হলো। আমি মনে করি, এরা তিনজনই কলকাতার অনেক গুণী অভিনয়শিল্পী। কাজ করার মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বটা আরও গাঢ় হয়েছে।’
ছবির শুটিংয়ে অংশ নিতে ১০ মার্চ কলকাতায় গিয়েছিলেন ফেরদৌস। এই লটে উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছেন তিনি। আজ রাতে ফেরদৌসের ঢাকায় ফেরার কথা রয়েছে। মে মাসে ছবিটির আউটডোর শুটিং করবেন বলেও জানান ফেরদৌস।

ঢাকার প্রেক্ষাগৃহে ফেরদৌস অভিনীত সর্বশেষ ছবিটি হচ্ছে ‘এক কাপ চা’। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও ছিলেন ফেরদৌস।