তিরিশ দিনে তিন ছবি!

বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে যেন বাজিমাৎ করেছিলেন অভিনেতা ফেরদৌস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘ অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি। সে সময় এমনও মাস গেছে, প্রতি সপ্তাহেই মুক্তি পেত তাঁর নতুন চলচ্চিত্র। কিন্তু অনেক দিন যাবৎই তা আর দেখা যাচ্ছিল না। এবার সেই খরা কেটেছে। একই মাসে মুক্তি পাচ্ছে ফেরদৌসের তিনটি সিনেমা। অবশ্য, এরই মধ্যে একটি ছবি মুক্তিও পেয়ে গেছে।
শুক্রবার ঢাকাসহ বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফেরদৌস অভিনীত চলচ্চিত্র ‘শোভনের স্বাধিনতা’। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে এ ছবিটি পরিচালনা করেছেন মানিক মানবিক।
১৮ ডিসেম্বর মুক্তি পাবে রাফায়েল আহসান পরিচালিত ‘নয়-ছয়’। অনেক দিন আটকে থাকার পর এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বিশিষ্ট দন্তচিকিৎসক অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি।
ছবি তিনটি প্রসঙ্গে ফেরদৌস বললেন, ‘একজন অভিনয়শিল্পীর জন্য ব্যাপারটি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। শুধু তিনটি ছবি মুক্তি পাচ্ছে বলে বলছি না, কারণ এই তিনটি ছবির গল্পই একেবারে অন্য ধরনের। ‘অনীল বাগচীর একদিন’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ‘নয়-ছয়’ ছবিটির গল্প একজন তরুণের আত্ম বিশ্বাস কীভাবে বাড়ানো তা নিয়ে। আর ‘স্বর্গ থেকে নরক’ ছবিটির গল্প গড়ে উঠেছে, তরুণ প্রজন্মকে কীভাবে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা যায় তা নিয়ে। এক মাসে এমন তিনটি বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য সত্যিই গর্বেরও বটে।’
এদিকে আজ রোববার দুদিনের জন্য কলকাতায় যাচ্ছেন ফেরদৌস। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, একটি শো এবং যৌথ প্রযোজনার ‘ছেড়ে যাস না’ ছবির ডাবিং করতে যেতে হচ্ছে। প্রয়োজনীয় কাজ শেষে ১৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি।