দর্শক টানতে ছুটছেন ইমন-আঁচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন-আঁচল
ইমন-আঁচল

কয়েক বছর ধরে একটি কথা বেশ প্রচলিত, প্রেক্ষাগৃহে গিয়ে এখন আর দর্শকেরা বাংলা ছবি খুব একটা দেখেন না। এ নিয়ে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা বেশ হতাশায় ভোগেন। দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে সাম্প্রতিক সময়ে অভিনয়শিল্পীরা নড়েচড়ে উঠেছেন। নিজেদের অভিনীত ছবিগুলো যে করেই হোক দর্শকদের কাছে পৌঁছে দিতে চান তাঁরা। এ তালিকায় এবার যুক্ত হয়েছেন ইমন ও আঁচল। আজই মুক্তি পেয়েছে ইমন ও আঁচল জুটির নতুন ছবি স্বপ্ন যে তুই। মনিরুল ইসলামের পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হলে ছুটছেন ইমন ও আঁচল।
ইমন বলেন, ‘ছবি মুক্তির আগে ও পরে বলিউডের বাঘা বাঘা তারকারা নিজের অভিনীত ছবির প্রচারণায় এক রাজ্য থেকে আরেক রাজ্যে চষে বেড়ান। কলকাতার ছবির ক্ষেত্রেও এই প্রচারণার বিষয়টি ভালোভাবেই চোখে পড়ছে। ঢালিউডের বেলায় তেমনটি দেখা যায় না। আমাদের দেশে ইদানীং তা শুরু হয়েছে। আমাদের এখানে ছবির শুটিং শেষ হওয়ার পর আর কিছু করার থাকে না। আমরা যদি দর্শকদের সঙ্গে হলে বসে ছবি দেখি, তাহলে তাঁরা ছবি দেখতে আরও বেশি উৎসাহ পাবেন। গত মাসে জানে না এই মন ছবির ক্ষেত্রেও আমি একই কাজ করেছি। তখন বিষয়টি আমি ভালোভাবে টের পেয়েছি।

ইমন ও আঁচল
ইমন ও আঁচল

আমার নিজেরও এতে লাভ হয়েছে। কাছ থেকে দর্শকদের অনুভূতি জেনেছি।’
ইমন এ–ও বলেন, ‘ প্রচারণাটা চলচ্চিত্রে দর্শক ফিরিয়ে নিয়ে আসারও একটা কৌশল কিন্তু। যে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে, সে তত লাভবান হবে বলে আমি বিশ্বাস করি।’
আঁচল জানালেন, ‘শুধু সিরাজগঞ্জ নয়, ঢাকা ও ঢাকার বাইরের যেসব প্রেক্ষাগৃহে স্বপ্ন যে তুই ছবিটি মুক্তি পেয়েছে, প্রদর্শনী চলাকালীন সেখানে যাওয়ার পরিকল্পনা আছে। সত্যি কথা বলতে দর্শকের সঙ্গে বসে ছবি উপভোগ করার মজাই আলাদা।’
আজ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে স্বপ্ন যে তুই ছবিটি । কিন্তু তার এক দিন আগে ২০ নভেম্বর সিরাজগঞ্জের চালা এলাকার রজনীগন্ধা প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।