দর্শক প্রেক্ষাগৃহে না গেলে হাজার কোটির প্রণোদনা অর্থহীন

দর্শকদের হলমুখী করা না গেলে এই প্রণোদনা অর্থহীন হবে। ছবি: কোলাজকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রেক্ষাগৃহ বানানো, বন্ধ প্রেক্ষাগৃহ চালু এবং চালু থাকা প্রেক্ষাগৃহ সংস্কার করতে এক হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। দেশের চলচ্চিত্রের জন্য এটি আশার খবর হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো। দর্শক ফেরাতে হলে ভালো সিনেমা দেখানোর ব্যবস্থা করতে হবে। ভালো ছবি দেখার সুযোগ করে দিয়ে দর্শকদের হলমুখী করা না গেলে এই প্রণোদনা অর্থহীন হবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ কাজে একজন দক্ষ পরামর্শক নিয়োগ দেওয়া উচিত। তাঁকে হতে হবে আন্তর্জাতিক মানের, যিনি সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও জরিপ করে পরামর্শ দেবেন। কোন কোন মানদণ্ডের ভিত্তিতে ঋণ দেওয়া হবে, সেসব তিনি ঠিক করবেন। এটা দেওয়ার দায়িত্ব কোনো অবস্থাতেই তথ্য মন্ত্রণালয় নিতে পারবে না। কারণ, তাদের এ রকম কাজের দক্ষতা ও অভিজ্ঞতা নেই।
গাউসুল আলম শাওন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। গত রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চলচ্চিত্র পরিচালক ও গবেষকদের সঙ্গে আলোচনা শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সিদ্ধান্তের কথা জানান। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণাকে খুবই ইতিবাচক মনে করছেন আয়নাবাজি ছবির অন্যতম প্রযোজক গাউসুল আলম শাওন। তিনি জানান, করোনা মহামারির এই সময়ে সিনেমা নিয়ে ভাবার সময় কারও নেই বলে মনে হচ্ছিল। কিন্তু সরকার ভেবেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, এ কাজে একজন দক্ষ পরামর্শক নিয়োগ দেওয়া উচিত। তাঁকে হতে হবে আন্তর্জাতিক মানের, যিনি সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও জরিপ করে পরামর্শ দেবেন। কোন কোন মানদণ্ডের ভিত্তিতে ঋণ দেওয়া হবে, সেসব তিনি ঠিক করবেন। এটা দেওয়ার দায়িত্ব কোনো অবস্থাতেই তথ্য মন্ত্রণালয় নিতে পারবে না। কারণ, তাদের এ রকম কাজের দক্ষতা ও অভিজ্ঞতা নেই।’

সিনেমা হল করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। কী ধরনের স্ক্রিন হবে, কী ধরনের সাউন্ড হবে—এসবের একটা নীতিমালা অবশ্যই তৈরি করতে হবে। যে কেউ অফিস প্রজেক্টর দিয়ে সিনেমা দেখাবে, তা হবে না। অবশ্যই এ–ও খেয়াল রাখতে হবে, প্রণোদনার টাকার যেন অপব্যবহার না হয়।
মাহবুব রহমান

হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া শুরু করার আগে সরকারের উচিত হবে সঠিক নীতিমালা তৈরি করা। এমনটাই মনে করছেন ১৬ বছর ধরে দেশে মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত থাকা স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। তিনি বলেন, ‘বিশ্বে যে ধরনের প্রেক্ষাগৃহ চালু আছে, সে বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখা।’ গতকাল বিকেলে ফিনল্যান্ড থেকে ফোনে মাহবুব রহমান প্রথম আলোকে বলেন, ‘সিনেমা হল করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। কী ধরনের স্ক্রিন হবে, কী ধরনের সাউন্ড হবে—এসবের একটা নীতিমালা অবশ্যই তৈরি করতে হবে। যে কেউ অফিস প্রজেক্টর দিয়ে সিনেমা দেখাবে, তা হবে না। অবশ্যই এ–ও খেয়াল রাখতে হবে, প্রণোদনার টাকার যেন অপব্যবহার না হয়। যাঁরা প্রকৃত ব্যবসায়ী, তাঁরাই যেন ঋণ পান। কারণ, বাংলাদেশে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার সংস্কৃতি চালু আছে।’

সিনেমা হল চলার জন্য সিনেমাও লাগবে। সব ভাষার সিনেমার বাজার খুলে দিতে হবে। কনটেন্টও ওপেন করতে হবে।
হাবিবুর রহমান খান, প্রযোজক

৫০ বছর ধরে চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার প্রযোজক হাবিবুর রহমান খান। তিনি বলেন, করোনা মহামারিতে লম্বা সময় ধরে সিনেমা হলে দর্শক না যেতে যেতে এখন তাঁদের অভ্যাসও বদলে গেছে। তাই এখন দর্শক ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন অনেক অ্যাপ তৈরি হয়েছে, এগুলোতে দর্শক সিনেমা দেখায় অভ্যস্ত হয়ে উঠছে। তাই প্রেক্ষাগৃহে দর্শক আনা খুবই কষ্টসাধ্য। সিনেমা হল চলার জন্য সিনেমাও লাগবে। সব ভাষার সিনেমার বাজার খুলে দিতে হবে। কনটেন্টও ওপেন করতে হবে।

যাঁদের সিনেমা হল আছে, তাঁদের নিয়ে একটা কমিটি করতে হবে, আলোচনায় বসতে হবে। যাঁদের কোনো সিনেমা হলই নেই, সিনেমা ব্যবসার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা যেন লোন না পান।
ইফতেখার উদ্দিন নওশাদ, কর্ণধার, মধুমিতা মুভিজ

মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ শুরুতেই বলেন, ‘যাঁদের সিনেমা হল আছে, তাঁদের নিয়ে একটা কমিটি করতে হবে, আলোচনায় বসতে হবে। যাঁদের কোনো সিনেমা হলই নেই, সিনেমা ব্যবসার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা যেন লোন না পান। কারণ, লোন নেওয়ার পর তো ফেরত দিতে হবে। ফেরত দিতে হলে আমাদের ভালো সিনেমা মুক্তি দেওয়ার কথাও ভাবতে হবে। ভালো সিনেমা রিলিজ দিতে না পারলে এই এক হাজার কোটি টাকা লুজিং কনসার্ন হয়ে যাবে।’

যেসব প্রেক্ষাগৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ ও প্রেক্ষাগৃহ সংস্কারের জন্য সরকার আবেদন আহ্বান করতে পারে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেসব বরাদ্দ বণ্টন করা যেতে পারে।
ফাহমিদুল হক, চলচ্চিত্র সমালোচক

চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক বলেন, ‘এই বাজেটকে আমি দুই ভাগ করার পক্ষে। অর্ধেকটা চলচ্চিত্র কারখানার ক্ষতি পোষানো, বাকি অর্ধেকটা দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপের জন্য। যেসব প্রেক্ষাগৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ ও প্রেক্ষাগৃহ সংস্কারের জন্য সরকার আবেদন আহ্বান করতে পারে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেসব বরাদ্দ বণ্টন করা যেতে পারে।