দুই ঈদের মাঝে ‘হৃদিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝের সময়ে ‘হৃদিতা’ মুক্তি দিতে চান পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। ১৭ মার্চ বৃহস্পতিবার বিনা কর্তনে সেন্সর টেবিল পার করেছে ছবিটি। সেন্সর বোর্ডে জমা পড়েছিল গত সপ্তাহের মঙ্গলবার। ছবিটি দেখে বোর্ডের সদস্যরা প্রশংসাও করেছেন, জানালেন পরিচালক। তিনি বলেন, ‘ছবিটি দেখার পর ওই দিনই কয়েকজন সদস্য আমাকে ফোন দিয়ে ছবিটির প্রশংসা করেছেন। ছবিতে কোনো সমস্যা নেই। শুক্রবার সেন্সর সনদ হাতে পেয়েছি আমি।’
পরিচালক জানালেন, আগামী দুই ঈদের মাঝে ছবিটি মুক্তি দেবেন। তিনি বলেন, ‘ঈদ উৎসবে ছবিটি মুক্তি দিতে চাচ্ছি না। কারণ, ওই সময় অনেক ছবি মুক্তির প্রতিযোগিতায় থাকবে। হলসংখ্যার যা অবস্থা, তাতে ঝুঁকি নিতে চাচ্ছি না। ঈদুল ফিতরের এক মাসের মাথায় ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা।’ বাণিজ্যিক ছবির নির্মাতা ইস্পানি আরিফ জাহান। প্রথম এ ধরনের সাহিত্যের গল্প থেকে সিনেমা নির্মাণ করেছেন।

ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলেন পরিচালক বলেন, ‘বাণিজ্যিক ঘরানা থেকে বেরিয়ে ছবিটির নির্মাণে ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। উপন্যাসভিত্তিক প্রথম ছবি এটি আমার। যেহেতু আনিসুল হকের গল্প। সব মিলিয়ে ভালো প্রত্যাশা আছে ছবিটি নিয়ে।’

হৃদিতা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। সেন্সর হওয়ার সংবাদে তিনি বলেন, ‘খবরটি শুনে ভালো লাগছে। এই ছবি নিয়ে আমার মধ্যে অন্য রকমের উন্মাদনা আছে। কারণ, আনিসুল হকের উপন্যাসের নামভূমিকার নায়িকা আমি। এটাই আমার কাছে বড় ব্যাপার। এখন চরিত্রটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।’

‘হৃদিতা’ ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্য পরিচালক নিজেই করেছেন। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের এই ছবিতে আরও অভিনয় করেছেন এ বি এম সুমন, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।