দুই মাস বিরতির পর আইরিন

দুই মাস বিরতির পর শুরু হচ্ছে ঢাকাই ছবির অভিনেত্রী আইরিন অভিনীত চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’-এর শুটিং। ঢাকার অদূরে শরীয়তপুরে কাল থেকে এই ছবির কাজ শুরু হবে। ছবির শুটিংয়ে অংশ নিতে আজ শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আইরিন।
আইরিন বলেন, ‘এর আগে আমরা কয়েকবার ছবিটির শুটিং করেছি। কাজও প্রায় শেষের দিকে। আর অল্প কয়েকটা দৃশ্যের কাজ বাকি আছে। শরীয়তপুরে একটানা তিন দিন কাজ করব।’
‘এক পৃথিবী প্রেম’ ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে আইরিন বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম ‘আলো’। যার বাবা-মা কেউ নেই। একটি বৃদ্ধাশ্রমে বেড়ে ওঠে সে। ‘আলো’ বড় হওয়ার পর বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের দেখাশোনা করে। একটা সময় তাঁর সঙ্গে ধনীর ছেলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আলো তা এড়িয়ে চলার চেষ্টা করে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবেই চলতে থাকে এক পৃথিবী প্রেম ছবির কাহিনি।’
কিছুদিন আগে মুক্তি পেয়েছে আইরিন অভিনীত চলচ্চিত্র ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। এ ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন আরজু। খুলনার মেয়ে আইরিন একসময় র্যাম্পে কাজ করেছেন। অভিনয় করেছেন টিভি নাটকে। স্বপ্ন দেখতেন চলচ্চিত্রে অভিনয়ের। এরই মধ্যে আইরিনের দুটি ছবি মুক্তি পেয়েছে। এখন তাঁর লক্ষ্য শুধুই চলচ্চিত্র। সেভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেনও আইরিন।