দুদিনের বিশ্রামে বুবলি

রাতটা থেকে সকালেই হাসপাতাল ছেড়েছেন এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলি। বর্তমানে তিনি তাঁর উত্তরার বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে দুই দিন বিশ্রামে থাকতে হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর নতুন সিনেমা ‘রংবাজ’-এর পরিচালক শামীম আহমেদ।
জানা গেছে, আজ শনিবার সকালে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরশু সোমবার থেকে শাকিব খানের সঙ্গে পাবনার ‘রত্নদ্বীপ’ নামের একটি রিসোর্টে ‘রংবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বুবলি। এতে তিনি অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে।
জানা গেছে, ঋতুবদলের কারণে জ্বরে আক্রান্ত হয়েছেন বুবলি। ওদিকে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে, তাঁদের সন্তানের ব্যাপারটি জনসমক্ষে চলে আসায় আলোচনায় জড়িয়ে যান বুবলি। ফলে তাঁর ওপর অত্যধিক মানসিক চাপ পড়ে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। আজ সকালে বুবলি অনেকটাই সুস্থ ছিলেন। তাই তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুবলিকে। তাঁকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্বর ছিল ১০৩ ডিগ্রি। রক্তচাপও কম ছিল।
এর আগে রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেন বুবলি। শাকিব খানসহ ছবি-সংশ্লিষ্ট অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বুবলির অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুবলির বড় বোন নাজনীন মিমি রাতে মুঠোফোনে বলেন, ‘তিন দিন ধরেই বুবলি অসুস্থ। জ্বর ছিল। মহরত অনুষ্ঠান থেকে উত্তরায় বাসায় ফেরার পথে অসুস্থতা বেড়ে যায়। তাই তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে বুবলির অবস্থা দেখে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।’
‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ জানান, সোমবার ছবির শুটিং শুরু হবে। এখন শুটিং শুরুর প্রস্তুতি চলছে। এর আগে শাকিব খান ও বুবলি জুটি ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে অভিনয় করে। গত বছর মুক্তি পাওয়া দুটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কারণে আলোচিত ছিলেন বুবলি।