ডিপজলের শারীরিক অবস্থার অবনতি, দুবাইয়ে চিকিৎসা চলছে

মনোয়ার হোসেন ডিপজলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের হার্টে আবারও ব্লক ধরা পড়েছে। দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিন বছর আগে একবার তাঁর হার্টে সার্জারি করা হয়। নতুন করে সেখানে ব্লক সৃষ্টি হয়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে গেছেন এই অভিনেতা।

ডিপজল ও মৌসুমী। ছবি: সংগৃহীত

নভেম্বর মাসের শেষের দিকে ডিপজলের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য ২ ডিসেম্বর অভিনেতাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হার্টে দুটো ব্লক ধরা পড়ে। ডিপজলের বরাত দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এর আগে ডিপজল ভাইয়ের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। নতুন করে আবারও ব্লক ধরা পড়েছে। ওষুধে সমস্যার সমাধান হবে, নাকি রিং পরাতে হবে, সে ব্যাপারে আজ বা কাল সিদ্ধান্ত হবে।’

অভিনেতা ডিপজলে সঙ্গে রয়েছেন তাঁর বড় ছেলে শাদমান মনোয়ার ও পুত্রবধূ। স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও হার্টে ব্লকের কথা শুনে মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ডিপজল।

মনোয়ার হোসেন ডিপজল
ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ভাই মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি স্বাভাবিক, কারণ দ্বিতীয়বার অস্ত্রোপচার কিছুটা ঝুঁকিপূর্ণ। ভাইকে বলেছি, ভক্তদের ভালোবাসা আপনার সঙ্গে আছে। আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ডিপজল। পরে ১২ সেপ্টেম্বর চিকিৎসকেরা তাঁকে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দেন। তখনকার পরীক্ষায় তাঁর পেটে টিউমার ধরা পড়ে। জরুরি ভিত্তিতে সেই টিউমার অপারেশন করা হয়। তারপর থেকে তিনি সুস্থই ছিলেন। পরে নভেম্বর মাসের মাঝামাঝি বুকে ব্যথা অনুভব করেন ডিপজল। সে সময় দেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার জন্য দুবাই যাওয়ার পরিকল্পনা করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল সিনেমা প্রযোজনাও করেছেন। শুরুতে খলচরিত্রের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পরে ইতিবাচক চরিত্রে অভিনয় করেও মানুষের হৃদয় কেড়ে নেন।

অনেক দামে কেনা ছবিতে ডিপজল ও মাহি
ছবি: সংগৃহীত

ডিপজল একাধারে রাজনীতি এবং ব্যবসার সঙ্গেও জড়িত। বর্তমানে তাঁর তিনটি ছবি ছাড়পত্রের জন্য সেন্সরবোর্ডে জমা দেওয়ার অপেক্ষায়। ডিপজল চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি।