দেখা হবে ‘দামপাড়া’য়
প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী ভাবনা। ছবির নাম ‘দামপাড়া’। দুজনই ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটিতে। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে ‘দামপাড়া’।
ছবিতে শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনা। ভাবনা বলেন, ‘প্রায় এক মাস আগে থেকেই কথাবার্তা চলছিল। এক সপ্তাহে আগে চুক্তিবদ্ধ হয়েছি ছবিটিতে।’
চরিত্রটিতে কাজের ব্যাপারে ভাবনা বলেন, ‘চরিত্রটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নায়িকা ইমেজ থেকে বেরিয়ে এটি অন্য রকমের কাজ হবে আমার। অভিনয়জীবনের নতুন একটি মাত্রা দেবে এই চরিত্র।’
জানা গেছে, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, পাকিস্তানিদের লক্ষ্যই ছিল চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামকে হত্যা করা। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করে পাকিস্তানিরা। শহীদ হন তিনি, তবে তাঁর লাশ খুঁজে পাওয়া যায়নি।
ছবি নিয়ে কথা বলার জন্য চিত্রনায়ক ফেরদৌসকে কল দিলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ভাবনার কাছে প্রস্তুতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাহমুদা হক চৌধুরীর অনেক ভিডিও ফুটেজ দেখছি। তাঁকে নিয়ে লেখা পড়ছি। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। বিজয়ের ৫০ বছর উপলক্ষে দেশে এসেছেন। তাঁর সঙ্গে দু-এক দিনের মধ্যে বসব। চরিত্রটি মানিয়ে নিতে তাঁর কাছ থেকে আরও অনেক কিছু শিখব, জানব।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় ২৩ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে ছবিটির শুটিং। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন।