দেশভাগের আরেকটি ছবিতে জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খাঁচা’ ছবির একটি দৃশ্যে জয়া আহসান
‘খাঁচা’ ছবির একটি দৃশ্যে জয়া আহসান

ভারতেই চলে যেতে হবে। বারবার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না। ভারতের একটি মুসলমান পরিবারের সঙ্গে বাড়ি বদল হলেই পরিবার নিয়ে পাড়ি জমাবেন ওপারে।
গল্পটা ‘খাঁচা’ সিনেমার। ঠিক যেন ইতিহাসনির্ভর ছবির নায়িকা হয়ে উঠছেন জয়া আহসান। মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের ছবি ‘গেরিলা’ এবং দেশ ভাগ নিয়ে ভারতের ছবি ‘রাজকাহিনী’র চরিত্র দুটি নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। শিগগির আবারও তাঁকে দেখা যাবে ঐতিহাসিক গল্প ‘খাঁচা’র একটি চরিত্রে। ৪৭-এর দেশ ভাগ বিষয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক আকরাম খান। তাতে সরোজিনী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
কাছাকাছি সময়ে দেশভাগের ওপর দুটি চলচ্চিত্রে অভিনয় নিয়ে এই অভিনেত্রী জানান, ‘প্রেক্ষাপট একই—দেশভাগ; চরিত্রদুটি ভিন্ন। “খাঁচা” খুব শক্তিশালী একটি গল্প, আর যেখানে শুটিং করেছি, বিশ্বাস করতে ইচ্ছে হয়েছে যে ওটা ৪৭ সালেরই একটা গ্রাম। ওখানে অনেক সনাতন পরিবার বাস করেন, যাদের ঘরটাও ঠিকমতো মেরামত করা হয় না। আমি অমন এক পরিবারের গৃহবধুর চরিত্রে অভিনয় করেছি।’

গল্পটি দেশবিভাগের হলেও ‘খাঁচা’ সিনেমায় একেবারেই ভিন্ন এক জয়াকে দেখা যাবে। ২৫ বছরের যুবতী থেকে শুরু ৬৫ বছরের বৃদ্ধার ভূমিকায় পাওয়া যাবে জয়াকে। বছরের পর বছর প্রস্তুতি নিয়েও শেষে ভারতে যাওয়া হয় না পরিবারটির।
‘খাঁচা’র পরিচালক আকরাম খান জানান, ‘সামান্য শুটিং বাকি। শুটিং শেষে শিগগির জমা দেওয়া হবে সেন্সর ছাড়পত্রের জন্য।’ তবে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে তা জানাতে পারেননি তিনি। ‘খাঁচা’য় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম প্রমুখ।