কথা রাখলেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

গত এক বছরে অস্ট্রেলিয়া থেকে কয়েকবার দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শাবনূর। তবে ৯ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মাস দুয়েকের মধ্যে দেশে ফিরবেন এমন নিশ্চয়তা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত শাবনূর তাঁর কথা রাখলেন। দুই মাস শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন তিনি। ১ অক্টোবর মা ও একমাত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফিরেছেন শাবনূর।
আজ দুপুর একটার দিকে প্রথম আলোকে শাবনূর বলেন, ‘আমি আমার কথা রেখেছি। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছি। এখন পুরোদমে কাজ শুরু করতে চাই আমি।’
কবে নাগাদ ছবির শুটিং শুরু করবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে যেতে হয়েছিল। শুরুতেই সেসব ছবির কাজ করব। এ ছাড়া বেশ কয়েকজন পরিচালক তাঁদের ছবিতে অভিনয়ের ব্যাপারেও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যত দ্রুত সম্ভব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে চাই আমি।’
দেশে এসে প্রথমে উত্তরায় স্বামীর বাসায় উঠলেও গতকাল সোমবার শাবনূর ইস্কাটনে তাঁর নিজের ফ্ল্যাটে উঠেছেন। প্রথম আলোকে শাবনূরের দেশে ফেরা এবং ঢাকায় অবস্থানের পুরো ব্যাপারটি নিশ্চিত করেছেন তাঁরই বোন ঝুমুর ।
এদিকে শাবনূরের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের ইচ্ছে আছে শিগগিরই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার। খুব শিগগির সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
শাবনূর নিজেও জানিয়েছিলেন, বিয়ে ও সন্তানের জন্মের অনুষ্ঠানটি বাংলাদেশের বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করতে চান।
শাবনূরের বোন ঝুমুর জানান, শাবনূর দেশেই থাকবেন। মাঝেমধ্যে হয়তো অস্ট্রেলিয়ায় যাবেন।
গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছিলেন শাবনূর।
ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা।