দেশে ফিরলেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

বছরজুড়েই শোনা যাচ্ছিল, দেশে ফিরছেন শাবনূর, কিন্তু নানা কারণে অস্ট্রেলিয়াতেই তিনি ছিলেন এত দিন। এ বছরের ৯ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম আলোর সঙ্গে ফোনালাপে বলেছিলেন, মাস দুয়েকের মধ্যে দেশে ফিরবেন। সে কথা রাখলেন তিনি। দুই মাস শেষ হওয়ার আগেই গত ১ অক্টোবর মা ও একমাত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফিরেছেন শাবনূর। গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি।
দেশে ফিরে প্রথমে উঠেছিলেন উত্তরায় স্বামীর বাসায়। গতকাল সোমবার অবশ্য শাবনূর চলে এসেছেন ইস্কাটনে তাঁর নিজের ফ্ল্যাটে। প্রথম আলোকে শাবনূরের দেশে ফেরা এবং ঢাকায় অবস্থানের খবরটি জানিয়েছেন তাঁরই বোন ঝুমুর।
শাবনূরের বোন ঝুমুর জানান, শাবনূর বর্তমানে দেশেই থাকবেন। অস্ট্রেলিয়ায় যাবেন মাঝেমধ্যে।
প্রথম আলোকে শাবনূর বলেন, ‘আমি আমার কথা রেখেছি। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছি। এখন পুরোদমে কাজ শুরু করতে চাই।’
কবে নাগাদ ছবির শুটিং শুরু করবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে যেতে হয়েছিল। শুরুতেই সেসব ছবির কাজ করব। এ ছাড়া বেশ কয়েকজন পরিচালক তাঁদের ছবিতে অভিনয়ের ব্যাপারেও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যত দ্রুত সম্ভব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে চাই আমি।’