দেশে ফিরে ব্যস্ত নিপুণ

লন্ডন থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন চলচ্চিত্র নায়িকা নিপুণ। এরই মধ্যে কাজ করেছেন ছয় পর্বের ধারাবাহিক নাটক ফরমালিন চার্জ-এ। মাসুদ সেজান পরিচালিত এই নাটকে নিপুণের সহশিল্পী জাহিদ হাসান। মোশাররফ করিমের বিপরীতে কাজ করছেন একই পরিচালকের সেলফি নামের আরেকটি নাটকে। এই দুটি নাটকের পাশাপাশি শামীম শাহেদের পরিচালনায় ঈদের আরেকটি নাটকে অভিনয় করবেন তিনি।
টানা এক মাস দেশের বাইরে থাকার কারণে ঈদের বিশেষ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেননি নিপুণ। বললেন, ‘মেয়ের পড়াশোনার কারণে লন্ডনে ছিলাম। সেই সময়টাতে ঈদের অনুষ্ঠানগুলোর শুটিং হয়েছে। দেশে ফেরার পর নাটকের কাজে ব্যস্ত হয়ে পড়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অন্য অনুষ্ঠানগুলোয় অংশ নিতে পারছি না। তবে নাটকের কাজগুলো করে বেশ আনন্দ পাচ্ছি।’
ঈদের নাটকের পাশাপাশি নিপুণ অসমাপ্ত ছবির কাজ শেষ করবেন। এসব ছবি হচ্ছে ৭১-এর মা জননী, স্বর্গ থেকে নরক, ভালোবাসা ২০১৪, মায়ানগর, পদ্মাপাড়ের পার্বতী।