দেশে ভ্যালেন্টাইনস ডে কাটিয়ে, মধুচন্দ্রিমায় যাচ্ছেন মিমরা
বিয়ের পর ১১ জানুয়ারি মধুচন্দ্রিমায় মালদ্বীপে যাওয়ার কথা ছিল লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের। প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ করে দুই পরিবারেই হানা দেয় করোনা। আক্রান্ত হন মিম ও সনির পরিবারের কয়েকজন সদস্য। ফলে সে সময় আর হানিমুনে যাওয়া হয়নি তাঁদের। এখন পরিবার করোনামুক্ত। এবার মালদ্বীপে মধুচন্দ্রিমায় যাবেন তাঁরা। ভালোবাসার দিনটা দেশে কাটিয়ে কাল মঙ্গলবার সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা দেবেন দুজন।
আগেই পরিকল্পনা করেছিলেন, ভালোবাসা দিবসটি পরিবারের সবাই মিলে উদ্যাপন করবেন মিম। পরদিন যাবেন মধুচন্দ্রিমায়। দুপুরে প্রথম আলোকে মিম বলেন, ‘বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস এটি। পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব। পরদিন হানিমুনে চলে যাব, সেভাবেই করছি। আজ বিকেলে সবাই মিলে বের হব। একসঙ্গে কোথাও খাব, ঘুরব, আনন্দ করব।’ মধুচন্দ্রিমা মালদ্বীপে? মিম বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। দেশটির প্রতি আমার একটা আগ্রহ আছে।’ মালদ্বীপের রাজধানী মালে থেকে একটু দূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠবেন মিমরা। সেখানেই কাটবে তাঁদের কয়েকটা দিন।
৬ বছরের সম্পর্কের দিনগুলোতে কখনোই একসঙ্গে ঢাকার বাইরে যাওয়া হয়নি মিম ও সনি পোদ্দারের। কেবল ঢাকায় কয়েকবার রেস্তোরাঁয় খেতে গেছেন। প্রথম একসঙ্গে দেশের বাইরে যাবেন, দারুণ রোমাঞ্চিত মিম বলেন, ‘জীবনে প্রথম ভালোবাসার মানুষের সঙ্গে দেশের বাইরে কোথাও সময় কাটাতে যাচ্ছি। নিজের মতো করে সময় কাটাব, ভাবতেই আনন্দে মন ভরে যাচ্ছে।’ মিম জানালেন, মালদ্বীপে পাঁচ দিন থাকবেন দুজন। এর আগে মাকে ছাড়া দেশ-বিদেশ কোথাও ঘুরতে যাননি এই অভিনেত্রী। এই লাক্স তারকা বলেন, ‘হানিমুন স্মরণীয় করে রাখতে রিসোর্টে একদিন ক্যান্ডেল নাইট ডিনার করব আমরা। আগেই বুকিং করে রেখেছি এই আয়োজন।’
৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম, ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।