‘দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক রুবেল
ছবি: সংগৃহীত

এমনিতে চলচ্চিত্রশিল্পে দুর্দিন ছিল। শুরু হয়েছে করোনা। নেই প্রযোজক। সব মিলিয়ে এখন এফডিসি মৃতপ্রায়—এমনটাই মনে করেন চিত্রনায়ক রুবেল। এর মধ্যে এবার যোগ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘিরে কাদা–ছোড়াছুড়ি, যা শিল্পীদের বিব্রত করছে। এসব ঘটনা এই অ্যাকশন হিরোকে আহত করেছে। অভিমানে তিনি বললেন, ‘চেষ্টা করব, আর কখনো এফডিসিতে পা না রাখতে।’

রুবেল বলেন, ‘আমি চাই আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন। সবাই ভালো কিছু করুক। সংগঠন এগিয়ে যাক। আমি তাদের সবার স্বার্থে সব সময় আছি। এটাই আমার জন্য সত্য। কিন্তু এখন চূড়ান্তভাবে কাদা–ছোড়াছুড়ি হচ্ছে। এসব আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এসব অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’ এই সময় তিনি বিগত নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচনে যা দেখেছি, সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি।’

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন রুবেল
ছবি: সংগৃহীত

‘আপনারাই তো এখন সিনিয়র অভিনেতা, আপনি যদি এভাবে অভিমান করেন...’ কথা শেষ হতে না হতে রুবেল বলেন, ‘আমি সব সময় ফেয়ার থাকার চেষ্টা করেছি। আমি কোনো দিন নোংরা পলিটিকসের মধ্যে যাইনি। জীবনে কোনো দিন কারও সঙ্গে বেয়াদবি করেছি, খারাপ ব্যবহার করেছি, সেই রেকর্ড আমার নেই। কিন্তু এখন নিজেদের মধ্যে একে অন্যকে নিয়ে এটা-সেটা বলা হচ্ছে, এসব আনফেয়ারের মধ্যে আমি নেই।’

একটানা ১২ বছর শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন
ছবি: সংগৃহীত

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন রুবেল। একটানা ১২ বছর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। এই অভিনেতা বলেন, ‘যখন ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলাম, তখন আমি নির্বাচন না করলে ওই পোস্টে কেউ নির্বাচন করতেন না। সমিতির সাবেক সভাপতি হিসেবে আহমেদ শরীফ ভাইয়ের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। মান্না সাহেবসহ অনেকের সঙ্গে সমিতিতে কাজ করেছি। এবারও সবই ঠিক ছিল কিন্তু কোথায় যেন নোংরামি চরম আকার ধারণ করেছে। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না।’

শপথ অনুষ্ঠান নিয়েও মন খারাপ করেছিলেন এই অভিনেতা
ছবি: সংগৃহীত

এর আগে শপথ অনুষ্ঠান নিয়েও মন খারাপ করেছিলেন এই অভিনেতা। তিনি সহসভাপতি হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জিতলেও তাঁকে শপথ অনুষ্ঠান বিষয়ে কেউ জানাননি। তিনি মনে করেন, নির্বাচন শেষ হলেও আর কোনো প্যানেল থাকে না। তখন সবাই শিল্পী। রুবেল বলেন, ‘নির্বাচনের পর সবাই আমরা সমান কিন্তু এই সমান শব্দটা কেন যেন আমরা এখন আর মেনে নিতে পারছি না। যে কারণে এখন অনেকের কথাবার্তার মধ্যে অ্যাগ্রেসিভ ভাব দেখা যায়। এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলার মনোভাব অনেকের মধ্যেই বিদ্যমান নেই। এটা শিল্পীদের থাকার দরকার।’