নতুন ছবিতে এখনই চুক্তিবদ্ধ হচ্ছেন না রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র অভিনেতা রিয়াজ
চলচ্চিত্র অভিনেতা রিয়াজ

‘কৃষ্ণপক্ষ’ ছবিটির পর অভিনেতা রিয়াজ নতুন আরেকটি চলচ্চিত্রের শুটিংয়ে জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। এমন কথাই শোনা যাচ্ছিল। নির্মাতা দীপংকর দীপনের এ ছবিটির নাম ‘ঢাকা অ্যাটাক’। পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তাও হয়েছিল। তবে সবকিছু বিবেচনা করে সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াজ।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এখন আমি সুস্থ আছি। যে ধরনের কাজ করলে শরীরের ওপর ধকল পড়বে না; এমন কাজই করছি এখন। সবকিছু মিলিয়ে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রস্তাবটি আর গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
এদিকে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির ঢাকার অংশের শুটিংও প্রায় শেষ। অবশ্য, নুহাশপল্লীতে যে দৃশ্যগুলো ধারণ করা হবে তা এখনো বাকি। রিয়াজ তাঁর চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত পেলেই ঢাকার বাইরে সফর করতে পারবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং চলাকালীন রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। হার্টে ব্লক শনাক্ত করার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রিং (স্টেন্ট) পরানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসক তাঁকে ছয় মাস বিশ্রামে থাকতে বললেও ৮ নভেম্বর থেকে আবারও এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি সারা জীবন কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। হুট করে টানা ছয় মাস কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে থাকা আমার জন্য খুবই কষ্টকর হতো। তা ছাড়া চিকিৎসকের মতে এ সময়টাতে আমার মানসিকভাবে উৎফুল্ল থাকাটাও জরুরি। তাই সব দিক বিবেচনা করেই এখন কাজ করছি।’
কিংবদন্তি কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ এই লেখকের জন্মদিন, ১৩ নভেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল। মাঝপথে রিয়াজের অসুস্থতার কারণে হঠাৎ​ শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এ ছবির কাজ কিছুটা পিছিয়ে পড়েছে।