নতুন ছবিতে রোশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোশান
রোশান

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রোশানের প্রথম ছবি রক্ত। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে অভিনয়জীবনের দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়ক। এটিও যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে। ধেৎতেরিকি নামের ছবিটিতে গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হন রোশান।
রক্তর রেশ কাটতে না কাটতেই আরও একটি ছবিতে কাজের সুযোগ পাওয়ায় রোশান বলেন, ‘যৌথ প্রযোজনার আরও একটি ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার জন্য এক বড় প্রাপ্তি। আমি খুশি।’
রোশান বলেন, কমেডি ধাঁচের এ ছবিতে তাঁর চরিত্রটি খুবই মজার। চরিত্রের জন্য তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন শাহরুখ খান, সালমান খান ও মান্নার চরিত্রের অঙ্গভঙ্গি অনুকরণ করে অভিনয় করতে হবে।
এ ছবিতে রোশানের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি। ছবিটির পরিচালক শামীম আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর সিলেটের লোকেশনে শুটিং শুরু হবে ছবিটির।
ধেৎতেরিকি ছবিতে আরেক জুটি আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার নাম আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ও ভারতের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।