নাখোশ রুহি

বাংলাদেশ ও ভারতে ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রুহি অভিনীত দুটি চলচ্চিত্র। একটি বাংলাদেশের অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ এবং অন্যটি কলকাতার মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’। একই দিনে দুটি দেশে ছবি মুক্তি পাওয়ার আনন্দে যেখানে রুহির আনন্দিত হওয়ার কথা, সেখানে ঘটছে উল্টো ঘটনা। ছবি দুটির সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বেশ নাখোশ রুহি। রুহি এখন আছেন যুক্তরাজ্যে। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘বিয়ের পর আমি বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থাকছি। এরই মধ্যে দুটি ছবির ট্রেইলার দেখেছি। “জিরো ডিগ্রি” ছবির ট্রেইলারে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে আমি বিস্মিত। আর “গ্ল্যামার” ছবির ট্রেইলারের কথা নাইবা বললাম। ওখানে দেখি আমার নামটাই তারা বাদ দিয়ে দিয়েছে।’
অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবিতে রুহিকে দেখা যাবে মাহফুজ আহমেদ ও জয়া আহসানের সঙ্গে। এই ছবিতে রুহিকে পাঁচ রূপে দেখতে পাবেন দর্শকেরা। পাঁচটি রূপ হলো কর্মজীবী নারী, গৃহবধূ, মাদকাসক্ত, খুনি ও একজন মমতাময়ী মা। রুহি বলেন, ‘“জিরো ডিগ্রি” ছবির পুরো গল্পটাই টান টান উত্তেজনাপূর্ণ। গল্পের প্রয়োজনে আমি পাঁচটি চরিত্রে অভিনয় করেছি। পুরো বিষয়টা আমার জন্য খুবই চ্যালেঞ্জের। তার পরও চরিত্রগুলোকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
অন্যদিকে ‘গ্ল্যামার’ ছবিতে রুহিকে দেখা যাবে পরমব্রতর বিপরীতে। ছবির গল্প সম্পর্কে রুহি বলেন, ‘গ্ল্যামার জগতের নানা ঘটনা নিয়ে ছবিটির গল্প। ছবিটির কেন্দ্রীয় চরিত্র আমাকে কেন্দ্র করে। এখানে আমাকে সুপার মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমার চরিত্রের নাম রাখা হয়েছে জোয়ানা মিশেল। সব মিলিয়ে আনন্দের মাত্রাটা অনেক বেশি।’
যুক্তরাজ্য থেকে কবে দেশে ফিরছেন—জানতে চাইলে রুহি বলেন, ইচ্ছে আছে জানুয়ারির শেষ সপ্তাহে দেশে ফেরার। নতুন কিছু কাজের পরিকল্পনা করা হয়েছে। এসেই কাজগুলো শুরু করব।’