নায়ক ফেরদৌসের গন্তব্য এবার সুইজারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

সিনেমার শুটিংয়ের জন্য নায়ক ফেরদৌসের গন্তব্য এবার সুইজারল্যান্ড। দেড় যুগের বেশি অভিনয় জীবনে এবারই প্রথম দেশটিতে শুটিং করবেন তিনি। যৌথ প্রযোজনার সিনেমা ‘ইয়েতির অভিযান’-এর শুটিং করতে ফেরদৌসের সুইজারল্যান্ড যাওয়া। পাঁচ দিনের শুটিংয়ের জন্য আজ রোববার রাতে রওনা দেবেন তিনি।

সুইজারল্যান্ড যাওয়ার আগে ফেরদৌসের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘কলকাতায় এই সিনেমার প্রথম লটের কাজ করেছিলাম। সেখানে শুধু ইনডোর দৃশ্যের কাজ করেছি। আউটডোর দৃশ্যের কাজের জন্য সুইজারল্যান্ড যাচ্ছি। পাঁচ দিনের শুটিংয়ের পর সিনেমার আমার অংশের কাজ শেষ হয়ে যাবে। এই সিনেমায় আমি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি।’
ফেরদৌস এ-ও বলেন, ‘সৃজিতের সঙ্গে আমার পরিচয় তো ছয়-সাত বছরের। একসঙ্গে কাজ করা হয়নি। এবারই প্রথম তাঁর সঙ্গে কোনো সিনেমায় কাজ করা হচ্ছে। কলকাতার অভিজ্ঞতা ভালো। আশা করছি, সুইজারল্যান্ডেও শুটিং অভিজ্ঞতা দারুণ হবে।’
ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকা বাবু’ সিরিজের ‘মিশর রহস্য’ ছবিটি নির্মাণ করেছিলেন। এবার তিনি বানাচ্ছেন ‘কাকা বাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সিনেমা ‘ইয়েতির অভিযান’। এদিকে একই সিনেমায় অভিনয় করতে এরই মধ্য সুইজারল্যান্ড পৌঁছে গেছেন বিদ্যা সিনহা মিম।
ইয়েতির অভিযান সিনেমার শুটিং শেষে দেশে ফিরে ফেরদৌস ব্যস্ত হয়ে পড়বেন তাঁর প্রযোজিত নতুন সিনেমা ‘পোস্টমাস্টার’-এর মুক্তি নিয়ে। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার শুটিং ও ডাবিংয়ের যাবতীয় কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ঈদের পর সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে বলে জানান তিনি।