নায়িকা-প্রযোজকের বিয়ে

নায়িকা ও প্রযোজকের দুই বছরের প্রেমের সম্পর্কের সফল পরিণতি হলো বিয়ের মাধ্যমে। গতকাল শুক্রবার একেবারে পারিবারিকভাবে ‘মুসাফির’ ছবির নায়িকা মারজান জেনিফা বিয়ে করলেন ওই ছবির প্রযোজক জোবায়ের আলমকে।
অনন্য মামুনের ‘রোমান্স’ নামের একটি ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করলেও মারজান জেনিফা আলোচিত হন আরিফিন শুভর সঙ্গে ‘মুসাফির’ ছবিতে নায়িকা হয়ে। আশিকুর রহমান পরিচালিত এই ছবিতে অভিনয় করার সুবাদে তিনি মেরিল-প্রথম আলো তারকা জরিপের এবারের আসরে সেরা নবাগত নায়িকার মনোনয়নও পান।
প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল শুক্রবার রাতে মারজান জেনিফা বলেন, ‘আমরা দুজন দুজনকে ভালোবাসি। এরপর পারিবারিকভাবে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি আনন্দিত।’
‘মুসাফির’ ছবির মাধ্যমে মারজান আলোচনায় এলেও এরপর আর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। এর মধ্যে গতকাল দিলেন বিয়ের খবর। বিয়ের রাতে ফেসবুকে ছবি পোস্ট করে সবার কাছে নতুন জীবন শুরুর জন্য দোয়া চেয়েছেন মারজান।
জানা গেছে, এ বছরের শেষ দিকে ‘মুসাফির’ ছবির সিক্যুয়েল ‘মুসাফির টু’র শুটিং শুরু হবে। সেই ছবিতে অভিনয়ের প্রস্তুতির খবর প্রথম আলোকে জানিয়েছিলেন তিনি। এখন দেখার বিষয়, বিয়ের পর কবে নাগাদ ছবিতে অভিনয় করছেন কিংবা নিয়মিত অভিনয় করবেন কি না।
প্রসঙ্গত, মারজান জেনিফারের বর জোবায়ের আলম ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ টুডের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক। মারজানের এটি প্রথম বিয়ে হলেও জোবায়ের আলমের এটি দ্বিতীয় বিয়ে।