‘নায়িকা হওয়ার বিপদ আছে, বয়স বাড়লে কদর থাকে না’
এলেন, দেখলেন, চলে গেলেন! পাঁচ বছর আগে সিনেমায় ফারিন খানের অবস্থাটা ছিল সে রকম। ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ ছবিতে তাঁকে প্রথম দেখা যায় রোশানের নায়িকা হিসেবে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানিকভাবে নতুন মুখ হিসেবে ফারিনকে পরিচয় করিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু প্রথম ছবি মুক্তির পর আর দেখা যায়নি তাঁকে। সেই ছবিতে তেমন সুবিধা করতে পারেননি ফারিন। কিছুদিন পরই আড়ালে চলে যান নবাগত এই অভিনেত্রী।
প্রায় তিন বছর পর আবার ফেরেন ফারিন। প্রস্তুতি নিতে থাকেন নতুন সিনেমার। এরই মধ্যে মহামারির কারণে সেই প্রস্তুতি থমকে যায়। অবশেষে ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিনেমার কাজ শুরু করেন ফারিন। ‘প্ল্যানার’, ‘ফেসবুক’ ও ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে পরপর তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি। ১৫ মার্চ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবি দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন ফারিন খান। দারুণ খুশি ফারিন। করোনার কারণে প্রায় দুই বছর বসে থাকতে হয়েছে বলে হতাশ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘সিনেমায় ফিরে এসেও কাজ শুরু করতে পারছিলাম না। একদিকে করোনা, অন্যদিকে বুঝেশুনে কাজের ব্যাপার। ২০২১ সালে পরপর তিনটি সিনেমার কাজ করি। এখন একটি ছবির সেন্সর হলো। শুনেছি, চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ছবিটি।’
একমাত্র লক্ষ্য, সিনেমা করবেন ফারিন। এ কারণে দুই বছর বসেও ছিলেন। মাঝে নাটকের প্রস্তাবও এসেছিল। ফিরিয়ে দিয়েছিলেন। ফারিন বলেন, ‘যখন সিনেমায় নতুন করে ভালো কাজের সুযোগ হচ্ছিল না, ভাবলাম নাটকে কাজ শুরু করব। বিষয়টি জাজের আজিজ ভাইকে জানালাম। তিনি হতাশ হতে নিষেধ করলেন। শুধুই সিনেমা করার চেষ্টায় থাকতে বললেন। তাঁর কথা শুনে আর নাটক করিনি।’
নাটক না করলেও মাঝের সময়টিতে বেশ কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞাপন করতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজার পরামর্শ মেনেছিলেন ফারিন। তিনি বলেন, ‘সিনেমায় অভিনয়ের ঝোঁক দেখে অমিতাভ ভাই আমাকে পরামর্শ দিয়ে বললেন, “সিনেমায় ভালো করতে হলে অভিনয়টা জানতে হবে, শিখতে হবে। এ জন্য থিয়েটারের যেকোনো একটি স্কুলে ভর্তি হও।”’ তাঁর কথামতো প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনে ছয় মাসের কোর্সে ভর্তি হলেন ফারিন। এরই মধ্যে চার মাস অতিবাহিত হয়েছে। ফারিন বলেন, ‘গত চার মাস থিয়েটারের কর্মশালা করতে গিয়ে অভিনয় সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। শুধুই নায়িকা হওয়ার ইচ্ছা এখন আর আমার নেই। আমাকে ভালো অভিনেত্রী হতে হবে।’ কেন, জানতে চাইলে ফারিন বলেন, ‘নায়িকা হওয়ার বিপদ আছে, বয়স বাড়লে কদর থাকে না। আর অভিনেত্রী হতে পারলে সারা জীবন কদর থাকে।’
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিতে ফারিন খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত তানভির তনু। ছবির পরিচালক কমল সরকার জানান, ঈদের পর ছবিটি মুক্তি পেতে পারে।