নায়িকা হ্যাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া বিপাশা
পিয়া বিপাশা

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত নায়িকা পিয়া বিপাশা। সেখানে তাঁকে দেখা যাবে হ্যাকারের ভূমিকায়। চলমান রয়েছে আরও একটি ছবির কাজ। শিগগিরই শুরু হবে নতুন ছবির শুটিং।

কিছুদিন আগে নায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে ‘এত প্রেম এত মায়া’ ছবিতে কাজ শুরু করেছিলেন পিয়া বিপাশা। অনেক দূর এগিয়েছে সেটার শুটিং। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোপন সংকেত’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করছেন কাজল আহমেদ। আর এই ছবিতে পিয়ার নায়ক বাপ্পী।

পিয়া বিপাশা জানান, ঈদের আগেই নতুন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন ছবিতে নিজের চরিত্র সম্পর্কে পিয়া বলেন, ‘শুরুতে আমাকে দেখা যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে। পরে আমি হয়ে যাব হ্যাকার। শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে।’ তিনি জানালেন, ছোট পর্দায় কাজ করা অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি। বড় পর্দায় নিয়মিত হয়ে গেলে ছোট পর্দায় আর কাজ করা হবে না। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

২৫ সেপ্টেম্বর থেকে ‘গোপন সংকেত’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুরুতে হবে গানের শুটিং। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল পিয়া বিপাশা অভিনীত ছবি ‘রুদ্র’।