নিখিল-নুসরাতের বিয়ে অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর নুসরাত জাহান ও নিখিল জৈন
ফাইল ছবি/ইনস্টাগ্রাম

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে রূপকথার গল্পের মতো করেই ‘বিয়ে’ করেছিলেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও নিখিল জৈন। এই বিয়ে নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলে। গত ফেব্রুয়ারি মাসে নুসরাতের সঙ্গে সব সম্পর্ক শেষ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল। আজ আলিপুর আদালত রায় দিয়েছেন, নিখিল জৈন ও নুসরাত জাহানের বিয়ে আইনত বৈধ নয়।
গতকাল মঙ্গলবার এই মামলার রায়দান প্রক্রিয়া শেষ হয়েছে। আজ আলিপুর আদালতের পক্ষ থেকে এই নির্দেশনামা দুই পক্ষের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ টানাপোড়েন, তর্ক-বিতর্কের অবশেষে অবসান হলো। নিখিল জৈনের করা মামলায় তাঁর পক্ষেই রায় দিলেন আদালত। নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘বিচারপতি আমার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন।’

নুসরাত জাহান
ছবি: ইনস্টাগ্রাম

অন্তঃসত্ত্বা হওয়ার আগেই নুসরাতের বিরুদ্ধে আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা করেছিলেন নিখিল। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের দিন ‘আনন্দবাজার অনলাইন’কে নিখিল জানিয়েছিলেন, এই অভিনেত্রীর সঙ্গে অনেক দিন ধরেই তাঁর কোনো যোগাযোগ নেই। অনাগত সন্তানের জনকও তিনি নন। তা ছাড়া নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনো সম্পর্ক রাখতে চান না তিনি।

যেহেতু আইনি প্রক্রিয়ায় বিবাহ নিবন্ধন হয়নি, তাই বিবাহ অ্যানালমেন্ট (নাকচ) করেই তাঁদের আলাদা হতে হতো। নিখিল স্পষ্ট বলেছিলেন, ‘যেদিন বুঝেছিলাম ও আমার সঙ্গে নেই, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সেদিনই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

নুসরাত জাহান
ছবি: ইনস্টাগ্রাম

আজ আবার নিখিল জৈনের জন্মদিন। আদালতের এই রায় সম্পর্কে নিখিল বলেছেন, ‘জন্মদিনে এটাই সেরা উপহার।’ নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রূপকথার ‘বিয়ে’ সেরেছিলেন নুসরাত জাহান। এরপর কলকাতায় হয়েছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান। সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা করলেন আদালত।

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত
ছবি: ইনস্টাগ্রাম

তুরস্কে বিয়ের পর্ব সারলেও নুসরাত-নিখিলের এই বিয়ে ‘বিশেষ বিবাহ বিধি’র আওতায় ভারতে নিবন্ধিত হয়নি। সে কারণে শুরু থেকেই এই বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ছিল। নুসরাত-নিখিল দুজন ভিন্ন ধর্মের মানুষ হওয়ায় তাঁদের বিয়ের আইনি স্বীকৃতির জন্য ওই বিশেষ আইনের আওতায় বিয়ে নিবন্ধিত হওয়াটা জরুরি। পাশাপাশি দুজনের কোনো পক্ষই বিয়ে টিকিয়ে রাখতে আগ্রহ দেখাননি। তাই কেবল দুজনের বক্তব্যের ভিত্তিতেই এই বিয়ে খারিজ করলেন আদালত। অতিরিক্ত কোনো তথ্য-প্রমাণ এ ক্ষেত্রে বিচার্য ছিল না। আদালতেও পরস্পরের মুখোমুখি হননি নুসরাত-নিখিল।

নুসরাত জাহান
ছবি: ইনস্টাগ্রাম