নিপুণের মন খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণ
নিপুণ

অনেক দিন হলো, নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না নিপুনকে। চলচ্চিত্রে অভিনয় করতে না পারায় কিছুটা মন খারাপ এই ঢালিউড অভিনেত্রীর। তবে বসে নেই তিনি। উপভোগ করছেন ‘অন্য ব্যস্ততা’। নারীদের রূপচর্চার সেবা দিতে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। সেটার পেছনেও সময় দিতে হয় তাঁকে। 

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে এই অভিনেত্রী জানালেন এখান বেশির ভাগ সময় কাটে নিজের ব্যবসা নিয়ে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘এত চাপ এখানে, নিজে সরাসরি যুক্ত না থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে। কাজটাও দারুণ উপভোগ করছি। মাঝে একটা কফিশপ চালু করেছিলাম। ব্যবস্থাপনা করতে না পারায় বন্ধ করে দিতে হয়েছে।’
অনেক দিন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি তিনি। দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী গত বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বনানীতে চালু করেন নারীদের রূপচর্চা সেবা দেওয়ার প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। সাড়ে চার হাজার বর্গফুট আয়তনের এ প্রতিষ্ঠানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ফাঁকে ফাঁকে গত বৃহস্পতিবার দুপুরে কথা হয় নিপুণের সঙ্গে।
রাশিয়ার ‘মস্কো অটোমোবাইল অ্যান্ড রোড কনস্ট্রাকশন ইউনিভার্সিটি’ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নিপুন। চলচ্চিত্রে অভিনয় কি ছেড়েই দিলেন? এমন প্রশ্নে খানিকটা থমকে গেলেন তিনি। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, ‘যে প্রতিষ্ঠানটি চালু করেছি তাতে অনেক সময় দিতে হয়। অনেক মানুষের জীবিকার জায়গা এটি। এই প্রতিষ্ঠান নিয়ে আমাকে ভাবতে হয়। এরই মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের করপোরেট চুক্তিও হয়েছে। একসঙ্গে সিনেমা আর ব্যবসা চালানো সম্ভব হবে না। তাই আপাতত আমার ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়েই ভাবছি।’
কথায় কথায় নিপুণ জানালেন, প্রস্তুতি চলছে। শিগগিরই বোনের সঙ্গে লন্ডনে একটি খাবারের দোকানও চালু করতে যাচ্ছেন তিনি। সেটি চালু হলে আরও ব্যস্ত হয়ে পড়বেন।
পড়াশোনা শেষ করে নিপুন ঢাকায় ফেরেন ২০০৬ সালে। এমএ আওয়ালের ‘রত্নগর্ভা মা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে তাঁর যাত্রা শুরু হয়। ১১ বছরে অভিনয় করেছেন ৫০টির বেশি চলচ্চিত্রে। সামনে করবেন কি না তা নির্ভর করছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গুছিয়ে তোলার ওপর।