নিরবের আত্মবিশ্বাস বেড়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা তো যায় না তারে ছবির দৃশ্যে নিরব ও অভিনেত্রী তানহা তাসনিয়া
ভোলা তো যায় না তারে ছবির দৃশ্যে নিরব ও অভিনেত্রী তানহা তাসনিয়া

‘সিদ্ধান্ত নিয়েছিলাম এ ছবির শুটিংই আর করব না। ছবিতে অভিনয়ের জন্য এত কষ্ট কেন করতে হবে!’ কথাগুলো অভিনেতা নিরবের। মুক্তির অপেক্ষায় থাকা তাঁর ছবি ভোলা তো যায় না তারে নিয়ে এমন কথা বলেছেন তিনি। জানিয়েছেন এই একটি ছবি করতে গিয়ে কতটা কষ্ট করতে হয়েছিল তাঁকে। কিন্তু এরপরও ছবির নির্মাতা আর শিল্পীরা হাল ছাড়েননি। হাল ছাড়েননি নিরবও। লম্বা সময় ধরে শুটিং চলার পর অবশেষে মুক্তির জন্য প্রস্তুত তাঁদের ছবি। গত রোববার ছবির উদ্বোধনী প্রদর্শনীর পর নিরব উপলব্ধি করতে পারলেন, ছবির পরিচালক রফিক সিকদারের চেষ্টা আর তাঁর কষ্ট সফল হতে যাচ্ছে। নিরব বললেন, ‘সত্যি বলতে কি, এই ছবি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ।’
শুটিংয়ের সময়ের কথা মনে করে নিরব বলেন, ‘একদিন আরিচা ঘাটে শুটিং করছি। খুব ময়লা জায়গায় আমাকে শুয়ে থাকতে হয়েছিল ঘণ্টার পর ঘণ্টা। এ নিয়ে অনেক রাগারাগি করেছিলাম পরিচালকের সঙ্গে। আরেকবার মানিকগঞ্জে একটি দৃশ্যের শুটিংয়ের সময় তো ভয়ংকর ঘটনা ঘটেছিল! পরিচালক যখন বারবার শট নিচ্ছিলেন, একপর্যায়ে তাঁকে স্ক্রিপ্ট ছুড়ে মেরেছিলাম আমি। সে কথা ভাবলে এখনো বড্ড খারাপ লাগে। তবে প্রিমিয়ার শোয়ে ছবিটি দেখার পর মনে হয়েছে, পরিচালক আমাদের দিয়ে যে পরিশ্রম করিয়েছেন, তা আসলে ভালো ফলই নিয়ে আসবে।’ প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে নিরব বলেন, ‘এর আগে আমি ২০টির মতো ছবিতে কাজ করেছি। কিন্তু এ ছবিতে যেভাবে কাজ করেছি, আগেরগুলোতে তেমনটা হয়নি।’ সত্যিই কি তাই? তা তো ছবি মুক্তির পরই জানা যাবে।