নির্বাচন কমিশনার, এফডিসির এমডি ও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বলল চলচ্চিত্রের ১৭ সংগঠন

ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ ১৭ সংগঠনের সবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিলেন চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা। তাঁর কারণে নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ ১৭ সংগঠনের কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেননি! এতে ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ ১৭ সংগঠনের সবাই। আজ শনিবার তাঁরা ঘোষণা দেন, চলচ্চিত্র শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না। বিষয়টি অপমানজনক দাবি করে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণাসহ কিছু কর্মসূচি দিয়েছেন সংগঠনের নেতারা।

এফডিসিতে প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হওয়ায় ১৭টি সংগঠনের পক্ষে আজ ওই ঘোষণা দেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘আমরা পরিচালক, প্রযোজক এবং অন্যান্য টেকনিশিয়ান যাঁরা আছি, নির্বাচনের দিন তাঁদের এফডিসির বাইরে অবস্থান করতে হয়! আমাদের অনেককে লাঞ্ছিতও করা হয়। তাই আমরা ঘোষণা দিচ্ছি, সামনের কোনো শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে হতে পারবে না।

শিল্পী সমিতিকে যদি কোনো নির্বাচন করতেই হয়, তবে তা হতে হবে এফডিসির বাইরে।
এদিকে পরিচালক ও প্রযোজকদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা এফডিসির ইতিহাসে কখনো ঘটেছে কি না, আমাদের জানা নেই। এই এফডিসি আমাদের, এখানে একটি নির্বাচন ঘিরে আমাদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে! এটা নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের একটি পক্ষকে বিজয়ী করানোর কৌশলও বলেছেন কেউ।

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্রশিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের সবাই মিলেমিশে থাকি। এফডিসিতে সব নির্বাচন হয় উৎসবের আমেজে। কিন্তু গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচনে বাড়াবাড়ি রকমের কিছু বিষয় দেখা গেছে, যার চূড়ান্ত সীমা লঙ্ঘিত হয়েছে এবারের নির্বাচনে। আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি! স্বরাষ্ট্রমন্ত্রী ঢোকার আদেশ দিলেও বাধা দিয়েছেন এফডিসির এমডি ও শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এটা আমাদের জন্য অপমানের। আমরা নির্বাচন কমিশনারকে আজীবন নিষিদ্ধ, এফডিসির এমডির অপসারণসহ চার দফা দাবিতে কর্মবিরতি দিয়েছি।’

সোহান বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। আগামীকাল সকালে আমরা ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির সামনে অবস্থান নেব। এফডিসির এমডির কুশপুত্তলিকা পোড়ানো হবে। শুধু তাই নয়, পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্রের সব রকম কাজ থেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছি।’

এফডিসি

এদিকে গতকাল সকাল থেকে অনেক জে৵ষ্ঠ পরিচালক ও প্রযোজকের পাশাপাশি এ প্রজন্মের পরিচালক প্রযোজকেরা এফডিসিতে ঢোকার অনুমতি পাননি। তবে এমন মানুষকে এদিন এফডিসিতে দেখা গেছে, যাঁরা চলচ্চিত্র শিল্পের সঙ্গে কোনোভাবে জড়িত নন তেমন ব্যক্তিদের। এফডিসির আশপাশ এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদেরও নির্বাচনের সময় এফডিসিতে দেখা গেছে! এমনকি তারকাদের সঙ্গে সেলফি তোলা অবস্থায় অনেককে পরিচয় জিজ্ঞাসা করা হলে, তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন।

তখন তারকাদের কেউ কেউ বলেন, আপনাদের পোশাক কোথায়? এ ছাড়া দিনব্যাপী তারকাদের সঙ্গে ছবি তোলার আবদার এমন অনেকে করেছেন, যাঁরা এসেছেন নির্বাচন দেখতে! হাসিমুখে ছবি তুললেও অনেক তারকা অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, তাঁরা কারা? চলচ্চিত্র প্রযোজক–পরিচালকসহ এফডিসিতে নিয়মিত যাতায়াত করা চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষেরা যেখানে এফডিসিতে ঢোকার অনুমতি পাননি, সেখানে এসব মানুষ ঢোকার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত।