নির্বাচনকে ফেরদৌসের 'না'

মাস দুয়েক ধরে শোনা যাচ্ছিল শিল্পী সমিতির নির্বাচনে ফেরদৌস ও ওমর সানী একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে অবশ্য শুরু থেকেই নীরব ছিলেন ফেরদৌস। প্রথম আলোর সঙ্গে কয়েক দফা আলোচনায় তিনি জানিয়েছিলেন, নির্বাচন নিয়ে ভাববার জন্য তিনি আরও সময় চান। শেষ পর্যন্ত গত সোমবার বিকেলে ফেরদৌস সরাসরি জানালেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণত সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
ফেরদৌস বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম চালাতে হলে আমাকে অনেক সময় দিতে হবে, এই মুহূর্তে তা আমার পক্ষে মোটেও সম্ভব না। আমি এখন অভিনয় নিয়ে বেশি ব্যস্ত। তাই নির্বাচন করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’
ফেরদৌস বলেন, ‘সানী ভাই চাইছিলেন আমি যেন তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকি। আমি মনে করি, শিল্পী সমিতির নির্বাচনে এমন শিল্পীদের নির্বাচন করা উচিত প্রয়োজনে-অপ্রয়োজনে যাদের সবাই পাশে পায়। এসব দিক বিবেচনা করলে সানী ভাই নির্বাচনের জন্য পুরোপুরি উপযুক্ত একজন মানুষ। তিনি সব সময় চলচ্চিত্র নিয়ে ভাবেন, শিল্পীদের খবরাখবর রাখেন। বিপদ হলেই ছুটে যান। এর আগে অনেক তারকাই নির্বাচন করেছেন, কিন্তু সেভাবে অনেকেই সময় দিতে পারেননি। এতে করে সংগঠনের ক্ষতি হয়েছে বলে আমি মনে করি।’
ফেরদৌস না থাকায় শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানীর প্যানেলে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে খল চরিত্রের অভিনেতা ইলিয়াস কোবরার। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্ধারিত মেয়াদ শেষে দুটি প্যানেল এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। খলনায়ক মিশা সওদাগর ও জায়েদ খান এরই মধ্যে নিজেদের প্যানেল করার ঘোষণা করেও দিয়েছেন।