নুসরাত ফারিয়ার এক ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আশিকী’ ছবির দৃশ্যে ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ
‘আশিকী’ ছবির দৃশ্যে ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ

উপস্থাপিকা ও মডেল হিসেবেই সবার কাছে পরিচিত নুসরাত ফারিয়া। এ বছরের এপ্রিলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় তাঁকে।

তার পর থেকে নিজেকে সব জায়গা থেকে গুটিয়ে নেন ফারিয়া। চলচ্চিত্রই ছিল এর প্রধান কারণ। অবশেষে এক ঝলক দেখা মিলল তাঁর। ইউটিউবে ‘আশিকী’ ছবির গান প্রকাশের মধ্য দিয়ে দেখা মিলল নায়িকা নুসরাত ফারিয়ার।


গতকাল শুক্রবার ইউটিউবে ছাড়া হলো নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’র গান। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার অশোক পতি। গানটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন ফারিয়া।

সবার এমন ভালোবাসায় গর্বিত ফারিয়া বললেন, ‘আমি এতটা বিশ্বাস করিনি। প্রথম দিনেই সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সবার এমন ভালোবাসায় আমি অভিভূত।’

‘আশিকী’ ছবির দৃশ্যে ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ
‘আশিকী’ ছবির দৃশ্যে ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ

এপ্রিলে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেও ছবির শুটিং শুরু করেন রোজার মাসে। টানা এক মাসেরও বেশি সময় ধরে স্কটল্যান্ডে ছবিটির শুটিং করেছেন ফারিয়া। ছবির শুটিং শুরুর পর থেকে পাল্লা দিয়ে বাড়তে থাকে ফারিয়ার ফেসবুক অনুসারীর সংখ্যা। ছয় লাখ থেকে তা এখন ১৭ লাখেরও বেশি। ফারিয়ার প্রথম ছবির নাম ‘আশিকী’ (শুরুতে নাম রাখা হয়েছিল ‘প্রেমী ও প্রেমী’)। কলকাতার নির্মাতা অশোক পতি পরিচালিত এই ছবিতে তাঁর সহশিল্পীও কলকাতার অঙ্কুশ। স্কটল্যান্ডে শুটিং শেষ করে কিছুদিন আগে ঢাকায় ফিরেছেন নুসরাত ফারিয়া।


এ ব্যাপারে ফারিয়া বলেন, ‘সবাই সিনেমায় আমার কাজ শুরুটাকে স্বাগত জানিয়েছে। ফেসবুকের অনুসারী বাড়ার কারণে সেটা ভালোভাবেই চোখে পড়ছে। ছবি সম্পর্কে কোনো আপডেট দিলেই তা বেশ ভালোভাবেই টের পাওয়া যায়।’


‘আশিকী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী নায়িকা’খ্যাত অভিনেত্রী মৌসুমী।


পবিত্র ঈদুল আজহায় ‘আশিকী’ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া। বর্তমানে তিনি কলকাতায় অাছেন। মুঠোফোনে প্রথম অালোকে তিনি বলেন, ‘এখন অামি ডাবিংয়ের কাজ করছি। এর ফাঁকে ফটোশুটের কাজও করব।’