নেপালে ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতেছে ‘পায়ের তলায় মাটি নাই’

তরুণ নির্মাতা মোহম্মদ রাব্বী মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ র বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পায়ের তলায় মাটি নাই’ গত ৩১ মার্চ কাঠমান্ডুতে শুরু হওয়া ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এ অংশ নেয়। উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক‌্যাটাগরিতে ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতেছে ছবিটি। নেপাল চলচ্চিত্র ও সাংস্কৃতিক একাডেমি এবং নেপাল সরকারের চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন করে।
গতকাল সোমবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধা এবং প্রযোজনা করেছেন আবু শাহেদ। এটি মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫২তম আসরে প্রদর্শিত হয়েছে।  বাংলাদেশ, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত করা হয়।

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রের একটি দৃশ্য

প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।
পুরস্কারটি জিতে প্রতিক্রিয়ায় প্রযোজক আবু শাহেদ বলেন, চলচ্চিত্রটি বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি ইতিমধ্যেই বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবসহ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অংশ নিয়েছে মূল প্রতিযোগিতায়। কিন্তু কোনো একটি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা সিনেমার পুরস্কার অর্জন এই প্রথম।

এ কারণে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আরও বলেন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বছর যে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছে এবং যাঁরা আয়োজনে জড়িত ছিলেন, তাঁরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। তাছাড়া আমাদের চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যেটি বাংলাদেশের নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি উৎসাহব্যঞ্জক ঘটনা।
চলচ্চিত্রের গল্পেটি জলবায়ু পরিবর্তনের তীব্র পরিণতির প্রেক্ষাপটে তৈরি। একজন দরিদ্র অ্যাম্বুলেন্সের চালক। যাঁকে তাঁর দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। তিনি গল্পের মূল নায়ক, যাঁর নাম সাইফুল।