পদ্মপাতার প্রচারণায় ব্যস্ত মিম-ইমন

ছবির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলা চলচ্চিত্রের নতুন জুটি ইমন ও মিম। ঈদে এই জুটির নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল মুক্তি পেতে যাচ্ছে। তার আগ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন তাঁরা। তারই অংশ হিসেবে আজ সোমবার সকালে এই জুটি হাজির হন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এ সময় সঙ্গে ছিলেন পদ্ম পাতার জল ছবির পরিচালক তন্ময় তানসেন, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান এবং গল্পকার ও চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলীসহ আরও অনেকে।
ইমন বলেন, ‘আমার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক ছবিতে অভিনয় করেছি। কিন্তু পদ্ম পাতার জল ছবিটি একেবারেই আলাদা। এটি আমার অভিনয় জীবনের অন্যতম সেরা ছবি হবে বলে বিশ্বাস করি।’
ইমন এও বলেন, ‘এই একটি ছবির মাধ্যমে আমাকে নায়কের পাশাপাশি সবাই অভিনেতা হিসেবে চিনবে। আমি মনে করি, এই ধরনের একটি ভালো ছবি সবার দেখা উচিত। তাই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলছি। সবার আগ্রহ আমাদের বেশ আত্মবিশ্বাসী করে তুলছে। ইনশা আল্লাহ ভালো কিছু একটা ঘটতে যাচ্ছে।’
মিম বলেন, ‘আমি খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করিনি। এখন নিয়মিতভাবে কাজ করছি। এই ছবিটি নিয়ে আমার অনেক স্বপ্ন। দীর্ঘ সময় ধরে এই ছবিটির কাজ করেছি। এর আগে তেমনটা হয়নি। সবাই অনেক পরিশ্রম করেছি। আমরা যেখানেই যাচ্ছি ছবির গান দেখে সবাই বেশ ইতিবাচক মন্তব্য করছে। ছবির গান, কস্টিউম-সবকিছুর প্রশংসা করছে। বাংলা ছবির যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি এই ছবির মাধ্যমে তার একটা শুভ সূচনা হতে যাচ্ছে এটা আমি নিশ্চিত।’
ইউল্যাব অডিটোরিয়ামে আয়োজিত এই পদ্ম পাতার জল ছবির প্রচারণা অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।