পরিচালক বললেন, ‘তারা আমার সঙ্গে অন্যায় করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক নোমান রবিনের সদস্যপদ এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ পরিচালক সমিতি। সংগঠনের গঠনতন্ত্রের অপব্যবহার করে এটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই নির্মাতা। তবে অভিযোগ অস্বীকার করলেন সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। সংগঠনের পক্ষ থেকে সোহান বলেন, নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

নোমান রবিন
ছবি : সংগৃহীত

কী কারণে বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে নোমান বলেন, ‘শাকিব খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “সমিতি করে কোনো লাভ নেই, কাজই আমাদের এগিয়ে নেবে।” সেই লেখাটা আমি ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছিলাম। দ্বিতীয়ত, নির্মাতা সাইফ চন্দন আমার একটি ফেসবুক লাইভে এসে বলেছিল, “আপনাদের সমিতি কিসের সমিতি, আপনারা ‘পদ্মা পুরান’ নির্মাতার সিনেমা দেখে একবারও কি বলতে পারলেন না, ‘ভাই, তুমি এগিয়ে যাও?’ তা না করে আপনারা সংগঠনের পক্ষ থেকে পিকনিক করেন, আপনারা করেন বাজার।” তখন আমি একটি অস্বস্তির মধ্যে পরে সমিতির অন্যান্য কাজের কথা তাঁর সামনে তুলে ধরি। পরে সমিতির পক্ষ থেকে আমাকে বলা হয়, সাইফ এই কথা কেন আমার লাইভে বলল। এই ঘটনার জন্য আমি ক্ষমাও চাই। কারণ দর্শানোর নোটিশের জবাব দিই। তারপরও তারা ক্ষমতা ব্যবহার করে আমাকে বহিষ্কার করে।’

নোমান রবিন
ছবি : সংগৃহীত

১ নভেম্বর পরিচালক সমিতি থেকে বহিষ্কারের চিঠি হাতে পান নোমান রবিন। মনঃক্ষুণ্ন হয়ে নোমান বলেন, ‘আমি সংগঠনের পরিপন্থী কোনো কাজে কখনোই যুক্ত ছিলাম না। আমি কোথাও সমিতির কথা উল্লেখ করিনি বা ছোট করিনি। কিন্তু ঘটনাগুলো নিজেদের গায়ে নিয়ে সমিতি আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করল। সমিতির পক্ষ থেকে আমি নির্বাচিত হয়ে কিছু পরিবর্তনের কথা বলতাম। বলেছিলাম আবদুল্লাহ মোহম্মদ সাদকে অভিনন্দন জানাতে। এ ছাড়া সংগঠন ঢেলে সাজানোসহ ভালো কাজের কথা বলায় আমাকে হয়রানি করতে সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা আমার সঙ্গে অন্যায় করেছে।’

সোহানুর রহমান সোহান
ছবি : প্রথম আলো

তবে এসব অভিযোগ অস্বীকার করে সোহানুর রহমান সোহান বলেন, ‘তিনি সংগঠনের পরিপন্থী কাজ করেছিলেন। আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।’ কী ধরনের কার্যকলাপ নোমান করেছিলেন জানতে চাইলে সোহানুর রহমান আর এই বিষয়ে মন্তব্য করেননি। এই সময় তিনি যোগ করেন, ‘বহিষ্কারকে কেন্দ্র করে গতকাল রাতে ফেসবুকে লাইভে আমাদের নিয়ে অনেক কিছুই বলেছেন তিনি। এসব নিয়ে কথা বলতে চাই না। গঠনতন্ত্রকে অবমাননা করলে যে কারও বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি।’