পরীমনি নয়, সোনামণি

‘আমি পরীমনি নই। আমি সোনামণি!’ বললেন পরীমনি। ব্যাপার কী! পরীমনি আবার সোনামণি হলেন কবে? আর তিনি কেন এমনটা বলছেন? তার আগে দুই কানে ঝুমকো দুল আর লম্বা বেণিতে বেলি ফুল গাঁথা পরীমনি বললেন, ‘আমি কে?’ রাজধানীর নিকুঞ্জে একটি হোটেলে গতকাল রোববার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদের অবাক করে দেন তিনি।
নিজের প্রশ্নের জবাব পরীমনি নিজেই দিয়েছেন। বললেন, ‘আমি সোনামণি চরিত্রের ঘোর থেকে এখনো বের হতে পারিনি। মালেক আফসারী স্যারের সঙ্গে কাজ করার সময় তাঁর নির্দেশনায় নিজেকে বদলাতে গিয়ে সেই যে চরিত্রে ঢুকেছি, তা থেকে সহজে বের হতে পারছি না, বের হতে চাই না। যখনই সুযোগ আসে, আমি সোনামণির সাজে থাকার চেষ্টা করি।’

১৫ ডিসেম্বর দেশের ১৭৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’। এই চলচ্চিত্রে সোনামণি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। বললেন, ‘ছবিতে সোনামণির স্পর্শ পাবেন দর্শক। আশা করি, তাঁরাও সোনামণিকে ভালোবাসবেন।’
‘অন্তর জ্বালা’ ছবির মুক্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ছবিটি প্রযোজনা করেছেন এবং অভিনয় করেছেন জায়েদ খান, পরিচালক মালেক আফসারী।
এত কিছুর পরও ‘অন্তর জ্বালা’ ছবিতে আলাদা করে পরীমনির অভিনয়ের অভিজ্ঞতা জানার চেষ্টা তো হতেই পারে। কেমন সেই অভিজ্ঞতা? তিনি বললেন, ‘চলচ্চিত্র যে ডিরেক্টরস মিডিয়া, তা এই ছবিতে কাজ করতে গিয়ে বুঝেছি।’ আলাদা করে জানালেন, অভিনয় করতে গিয়ে সত্যিকারের একাধিক চড় খেয়ে গাল ফুলে যায় তাঁর।