পরীমনির মন খারাপ!

এবারই প্রথম ঈদে তাঁর কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছিল। এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিতই ছিলেন পরীমনি। কিন্তু শেষ মুহূর্তে শুনলেন, ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। তখনই হল মন খারাপ। প্রথম আলোকে পরীমনি এমনটাই জানিয়েছেন।
ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি। তিন বছরের ক্যারিয়ারে তিরিশটিরও বেশি ছবিতে কাজ করে আলোচনায় এসেছেন। অবশ্য এ সময়ে ছবি মুক্তি পেয়েছে মাত্র দুটি।
প্রথম আলোকে পরীমনি বলেন, ‘ছবি মুক্তির ব্যাপারটি কোনোভাবেই আমার হাতে নাই। তারপরও যখন শুনেছিলাম, প্রথমবারের মতো ঈদে আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে, খুবই খুশি হয়েছিলাম। একে তো ঈদে নিজের ছবি মুক্তি পাচ্ছে, তার ওপর শাকিব খানের সঙ্গে অভিনয়, সব মিলিয়ে নিজের মধ্যে অন্যরকম কিছু ব্যাপার কাজ করেছিল। ঈদের ছবি নিয়ে এমনিতেই মানুষের আগ্রহ থাকে অনেক বেশি। এ ধরনের উৎসবে মানুষ খুব ঘটা করেই সিনেমা হলে ছবি দেখতে যায়। তাই, ঈদের সময় ছবিটি মুক্তি পেলে খুব ভালো লাগত। শেষ মুহূর্তে যখন শুনলাম, ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে না, মনটাই খারাপ হয়ে গেল।’
পরীমনি এও বলেন, ‘ঈদে ছবি মুক্তি পাচ্ছে ভেবে বেশ কিছু পরিকল্পনাও করেছিলাম। এখন তা আর হচ্ছে না। তবে আমি কিন্তু অন্য তিনটি ছবি ঠিকই হলে দেখতে যাব। ঈদে যাদের ছবি মুক্তি পাচ্ছে সবার জন্য শুভকামনা থাকল।
‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে পরীমনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। এ ছাড়াও আছেন চম্পা। ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, এস আই টুটুল, কোনাল, পড়শি ও হৃদয় খান।