‘পরীর কথা শুনে চোখ ভিজে গেল’
শুরুতে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহিয়া মাহি। তাঁকে নিয়ে গতকাল ১৭ ডিসেম্বর থেকে শুটিং শুরুর কথা ছিল। ১৪ ডিসেম্বর রাত তিনটা পর্যন্ত ফিল্মের তিথলী চরিত্রে পরিচালকের সঙ্গে মহড়াও করেছেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করে ১৫ ডিসেম্বর রাতে ফেসবুকে শারীরিক অসুস্থতার খবর দিয়ে স্ট্যাটাস লিখে মাহিয়া মাহি জানিয়ে দেন ফিল্মটিতে তাঁর কাজ করা হচ্ছে না।
রাত পোহালেই ১৬ ডিসেম্বর। ছুটির দিন। পরদিন শুটিং। এ অবস্থায় হুট করে নায়িকার সরে যাওয়ায় বিপদে পড়ে যান ওয়েব ফিল্মটির পরিচালক চয়নিকা চৌধুরী। কারণ, শুটিং বাতিল করা মানে বড় লোকসান গোনা। বড় ইউনিট। তা ছাড়া অন্য যেসব শিল্পী ফিল্মটিতে কাজ করছেন, শুটিং বাতিল করা হলে অল্প সময়ের মধ্যে তাঁদের আবার শিডিউল পাওয়া মুশকিল হবে। এমন সময় হঠাৎ করেই পাশে এসে দাঁড়ালেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। মাহির জায়গায় কাজ করতে এগিয়ে এলেন তিনি। শুটিংয়ের নির্ধারিত দিন ১৭ ডিসেম্বর থেকেই ফিল্মের ‘তিথলী’ চরিত্রটি করছেন পরীমনি।
চয়নিকা চৌধুরী বলেন, ‘পরী অসুস্থ ছিল। ১৬ ডিসেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরছিল। আমাকে ফোন দিয়ে বলল, ‘‘মা, আমি বাসায় যাচ্ছি।’’ কথার মধ্যে আমার মন খারাপের ব্যাপারটা বুঝতে পেরে পরী জিজ্ঞাসা করল, ‘‘কী হয়েছে তোমার?’’ পুরো ঘটনাটা তাকে বললাম। আচমকা আমাকে বলে বসল, ‘‘টেনশন কোরো না। তোমার কাছে আমি অনেক ঋণী। এই ঋণ তো শোধ করা যাবে না। তোমাকে এই সহযোগিতাটুকু করি অন্তত।’’ পরীর কথা শুনে চোখ ভিজে গেল আমার। এই বিপদে পরী যেভাবে পাশে এসে দাঁড়াল, সত্যি আমি ভাগ্যবান। তা না হলে আমি এত বড় একটি ইউনিট নিয়ে বিপদেই পড়ে যেতাম।’
এ ব্যাপারে পরীমনি বলেন, ‘মা যেভাবে বলছেন, তিনি যদি এভাবে বলেই থাকেন, তাহলে কাজটি করে আমি খুশি। তাঁর কোনো বিপদে পাশে দাঁড়াতে পারলে আমি লাকি। কিন্তু তিনি যেভাবে আমার পাশে দাঁড়ান, এতটুকু কাজ করে তাঁর ঋণ শোধ করা কি সম্ভব? আমার প্রতি তাঁর যে ভালোবাসা, সে তুলনায় আমার এই কাজটুকু একেবারেই হালকা।’
ফিল্মে তাঁর চরিত্র সম্পর্ক জানতে চাইলে পরীমনি বলেন, ‘বলে দিলে তো পর্দার মজাই চলে গেল। এতটুকুই বলি, এমন চরিত্রে আগে কাজ করিনি। এই চরিত্রটি আমার ব্যক্তিজীবনে কিছুটা প্রভাব ফেলেছে।’
পরিচালক জানান, ঢাকা ও ঢাকার বাইরে মিলে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ শুটিং। ‘কাগজের বউ’ ফিল্মে আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডি এ তায়েব, ইমন প্রমুখ।
ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন।