পাইরেসি প্রতিরোধে শাকিবের উদ্যোগ


চলচ্চিত্রে পাইরেসি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নায়ক ও প্রযোজক শাকিব খান। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি ছবির পাইরেসি হওয়ার ব্যাপারে তিনি তথ্যমন্ত্রীকে জানান। গত বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে যান শাকিব। পরে এই সাক্ষাতের ব্যাপারে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি তথ্যমন্ত্রীর কাছে পাইরেসির পুরো ব্যাপারটি তুলে ধরেছি। এর ফলে চলচ্চিত্রশিল্প কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সম্পর্কে ধারণা দিয়েছি। তথ্যমন্ত্রী পাইরেসির বিরুদ্ধে শিগগিরই কঠোর আইন করার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া এখন যে পাইরেসি হচ্ছে, তার বিরুদ্ধেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’
পাইরেসি প্রতিরোধ ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য তথ্যমন্ত্রীকে অনুরোধ করেন শাকিব। জানা গেছে, তথ্যমন্ত্রী এ ব্যাপারটিও বিবেচনার আশ্বাস দিয়েছেন। আধা ঘণ্টার এই সাক্ষাতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে।
এ সময় শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক বদিউল আলম।
এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান প্রযোজিত ছবি হিরো দ্য সুপার স্টার । ছবিতে তিনি অভিনয়ও করেছেন। সঙ্গে আছেন অপু বিশ্বাস ও ববি।