পাইরেসির ভয়ে মেলবোর্নে রেহানার প্রদর্শনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে আজ ‘রেহানা’র প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল হঠাৎই অনলাইনে ছবিটি পাইরেটেড হওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান প্রদর্শনীটি বাতিল করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, মেলবোর্নে আরও প্রদর্শনী বাতিল হতে পারে।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, ‘মেলবোর্নে সিনেমাটির আজ দুটি প্রদর্শনী ছিল। একটি প্রেক্ষাগৃহে, আরেকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রদর্শনীর শিডিউল ছিল। আমরা উৎসব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্ট্রিমিং প্রদর্শনীটি বাতিল করেছি। ২১ তারিখেও স্ট্রিমিং প্রদর্শনী রয়েছে। সেটাও বাতিল করা নিয়ে উৎসব কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা উৎসবের স্ট্রিমিং সাইটে সিনেমাটি প্রদর্শন করতে চাচ্ছি না।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যে বাঁধন।
ছবি : সংগৃহীত

‘রেহানা’র প্রদর্শনী বাতিল করা প্রসঙ্গে বাবু বলেন, ‘আমাদের সিনেমাটি শুধু কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এরপরে এশিয়া প্যাসিফিক শাখায় সম্প্রতি সিনেমাটি মেলবোর্ন উৎসবের স্ট্রিমিং সাইটে দেখানো হয়। এমনও হতে পারে, অনলাইনে সিনেমাটি দেখে কেউ কপি করে ছড়িয়ে দিয়েছেন। অবৈধ কাজটি যাঁরাই করুন না কেন, আমরা ডিবিতে মামলা করেছি। আশা করছি প্রকৃত অপরাধীর বিচার হবে। আমরাও সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারব।’
বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান উৎসবের আঁ সার্তে রিগা শাখায় মনোনয়ন পায় ‘রেহানা’। দেশের দর্শকদের আগ্রহ বিবেচনা করে প্রযোজকেরা সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ছবিটি শিগগির সেন্সরে জমা দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু হঠাৎই সিনেমাটি গতকাল পাইরেসি হয়ে ছড়িয়ে পড়ে। অতি উৎসাহী কেউ কেউ চলচ্চিত্র গ্রুপেও রিভিউ প্রকাশ করেন।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ছবি: এএফপি

সিনেমাটি পাইরেটেড হওয়ায় চলচ্চিত্রের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। চলচ্চিত্রনির্মাতা, লেখক ও সংগঠক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়াত হোসেন ফেসবুকে লিখেছেন, ‘দেশের একটি চলচ্চিত্র দুনিয়ায় বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনল, এটি একটি স্বাধীন চলচ্চিত্র, দুর্ভাগ্যজনকভাবে ছবিটি পাইরেসি হয়ে গেছে, তাই বলে আপনি হামলে পড়ে পাইরেটেড কপিটি দেখবেন, বন্ধুদের দেখতে আমন্ত্রণ জানাবেন, ফেসবুকে “ওয়াচিং” দিয়ে ছবিটির নাম লিখে আরও বহুলোককে উসকে দেবেন? এতটা নৈতিকতাবোধশূন্য কী করে হন বলেন তো! এটা যে একটি ভয়ংকর ক্রাইম, সে খেয়ালও থাকবে না?’

লালগালিচায়, সামনে–পেছনে শত ক্যামেরার মুখে সাদ–বাঁধন–বাবু
ছবি: এএফপি

মামুন আরও লিখেছেন, ‘চলচ্চিত্রের বিষয়ে আগ্রহী-উৎসাহী কয়েকজনকেও দেখলাম ছবিটি তারা “দেখছে” এমন স্ট্যাটাস দিতে। নিজের দেশের সিরিয়াস কাজগুলোকে নিজেরা সম্মান দিতে না পারলে এই দেশ ভালো কাজশূন্যই রয়ে যাবে। গুণ ও গুণীর কদর করাটা কেবল মুখের কথা নয়। ওটা আচরণে ও বিশ্বাসে প্রতিফলিত হওয়ার দরকার আছে। পাইরেটেড “রেহানা মরিয়ম নূর” দেখব না। রিলিজ পেলে সিনেমা হলেই দেখব। যাঁরা ছবিটির পাইরেটেড কপি “দেখছেন” স্ট্যাটাস দেবেন, তাঁদের আমার বন্ধুতালিকা থেকে “দেখামাত্র” বিদায় করব।’