পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার বেলা আনুমানিক তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী  পুত্রসন্তান জন্ম দিয়েছেন। এ সময় সিয়ামসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হন অবন্তী।

সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী
ছবি : সংগৃহীত

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চাইতে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।’

সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী
ছবি : সংগৃহীত

গত বছরের ২৬ ডিসেম্বর এই নায়ক তাঁর জীবনের একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্য বাড়ছে। তিনি বাবা হতে যাচ্ছেন। ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’ দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম।

সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী
ছবি : সংগৃহীত

আগামী ঈদুল ফিতরে তাঁর ‘শান’ ছবিটি দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ ছাড়া তাঁর হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।