গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বন্ধু আমরা’। এটি পরিচালনা করেছেন শামীম জামান। শুক্রবার আয়োজকের পক্ষ থেকে মেইল করে এ তথ্য জানানো হয় পরিচালককে। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন শামীম জামান। এ ছাড়া অভিনয় করেছেন মোশাররফ করিম ও আ খ ম হাসান।
এ ব্যাপারে শামীম জামান বলেন, ‘শুক্রবার প্রদর্শনী হয়েছে ছবিটির। আজ শনিবার সকালে পুরস্কার পাওয়ার ব্যাপারটি আয়োজকেরা মেইল করে জানিয়েছেন আমাকে।’
ভারতের প্রাচীনতম আন্তর্জাতিক এই চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার পাওয়াতে আনন্দিত শামীম জামান। তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়াতে আমি খুশি। তবে এই পুরস্কার পাওয়ার পেছনে আমার দুই বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানের অনেক অবদান আছে। কারণ, আমরা তিনজন আলাপ–আলোচনা করেই গল্পটি তৈরি করেছিলাম। কাজটি ভালো করার পেছনে তাঁদেরও অনেক শ্রম আছে।’ এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।