পূর্ণদৈর্ঘ্যের আগেই স্বল্পদৈর্ঘ্যে মুক্তি

গেল বছরের মাঝামাঝিতে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন লাক্স তারকা তারিন। ছবিটির নাম ‘ড্রেসিং টেবিল’। পরিচালক আবু সাইয়ীদ। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটির এখনো মুক্তি মেলেনি। কিন্তু তার আগেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আজ অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার এই তারকার। ছবিটির নাম ‘চিরকুট’। রেদোয়ান রনির তত্ত্বাবধানে ছবিটি পরিচালনা করেছেন আতিক জামান। অনলাইন টেলিভিশন ‘পপকর্ন’-এর ব্যানারে তৈরি ছবিটির স্থায়িত্বকাল পাঁচ মিনিট।
‘চিরকুট’ ছবিতে এক বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন। ছবির কাহিনিতে যার নাম ‘অরু’।
পরিচালক আতিক জামান জানিয়েছেন, এটি একটি মিষ্টি প্রেমের ছবি। এ ছবির কাহিনিতে চিরকুট আদান-প্রদানের মাধ্যমে অরুর সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক তৈরি হয়।
পূর্ণদৈর্ঘ্য হোক আর স্বল্পদৈর্ঘ্য হোক, চলচ্চিত্রে তাঁর অভিষেকে খুশি তারিন।
তারিন বলেন, ‘গল্প ছোট হোক, কিন্তু চলচ্চিত্র তো। প্রথম চলচ্চিত্রে কাজ করলাম। শিগগিরই পর্দায় দর্শকেরা আমাকে দেখবেন। ভাবতেই ভালো লাগছে।’
তবে তারিন জানিয়েছেন, স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ ততটা সহজ নয়। স্বল্প সময়ের উপস্থিতিতে চরিত্রের পূর্ণাঙ্গ রূপ দিতে হয়।
এদিকে এ ছবির পরিচালক আতিক জানিয়েছেন, প্রাণ ফ্রুট লাভ এক্সপ্রেস নিবেদিত ছবিটি আজ রাতে ইউটিউব চ্যানেল ‘পপকর্ন লাইভ ডট টিভি’সহ একাধিক ওয়েবসাইটে মুক্তি দেওয়া হবে।
‘চিরকুট’ ছবিতে ‘শুভ’ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ।