পূর্ণিমার শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণিমার বাসায় নতুন জুটি আইরিন ও আসিফ
পূর্ণিমার বাসায় নতুন জুটি আইরিন ও আসিফ

প্রথমবারের মতো জুটি হচ্ছেন আইরিন ও আসিফ। ছবির নাম এক পৃথিবী প্রেম। পরিচালক এস এ হক অলিক। নতুন এই জুটিকে শুভকামনা জানালেন অলিকের প্রথম দুই ছবির নায়িকা পূর্ণিমা।
গত শনিবার আইরিন ও আসিফ দেখা করতে পূর্ণিমার নিকুঞ্জের বাসায় যান। সঙ্গে পরিচালকও ছিলেন।
আজ সোমবার সকালে বিষয়টি সম্পর্কে কথা হয় পূর্ণিমার সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আইরিন ও আসিফকে নিয়ে অলিক ভাই বাসায় আসেন। দুই অভিনয়শিল্পীকে পরিচয় করিয়ে দেন। তাদের সঙ্গে কথাবার্তা হয়। টেলিভিশনে কয়েকবার আইরিনের চলচ্চিত্রের গান দেখেছি। তাকে সম্ভাবনাময় মনে হয়েছে। তবে আসিফের কাজ এখনো দেখা হয়নি। তবে সে টিভি ও চলচ্চিত্রে কাজ শুরু করেছে। নবাগত হলেও চেষ্টা করলে সে সাফল্য পাবে।’
পূর্ণিমা বলেন, ‘অলিক ভাইয়ের প্রথম দুটি ছবি জনপ্রিয়তা পেয়েছে। চাইব তৃতীয় ছবিটি যেন প্রথম দুটিকে ছাড়িয়ে যায়। আর নতুনদের জন্য থাকল অনেক বেশি শুভকামনা।’
এস এ হক অলিকের হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি দুটিতে অভিনয় করেছিলেন পূর্ণিমা। ছবি দুটিতে পূর্ণিমার সহশিল্পী ছিলেন রিয়াজ।
আগামী ১ ডিসেম্বর এক পৃথিবী প্রেম ছবির শুটিং শুরু হচ্ছে। ঢাকার এফডিসিতে প্রথম দিন ছবিটির শুটিংয়ে অংশ নেবেন আইরিন ও পূর্ণিমা।