পেশাদার খুনি চরিত্রে শুভ

ক্যারিয়ারের সুবর্ণ সময়ই যেন পার করছেন আরিফিন শুভ। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। সম্প্রতি আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘মুসাফির’। পরিচালক ‘কিস্তিমাত’খ্যাত নির্মাতা আশিকুর রহমান। দু-একদিনের মধ্যে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটি সম্পর্কে বিস্তারিত সবার সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন পরিচালক।
প্রথম আলোর সঙ্গে আলাপে শুভ বলেন, ‘ছবির গল্পটা পেশাদার খুনিদের নিয়ে। ছবিতে পেশাদার খুনিদের একজনের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির গল্পে দেখা যাবে, একটা সময় আমার ওপর দায়িত্ব পড়ে নায়িকাকে খুন করার। কিন্তু খুন নয়, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়।’
আশিকুর রহমান বললেন, ‘অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘‘মুসাফির’’। ২২ মার্চ থেকে এর কাজ শুরু করব। সেভাবেই সব পরিকল্পনা করা হয়েছে। এই ছবিতে শুভর সঙ্গে নতুন একজন অভিনেত্রী কাজ করবেন। সব মিলিয়ে গল্পটাও চমৎকার। সবকিছু ঠিকমতো হলে দারুণ একটা ছবি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।’
‘কিস্তিমাত’ ছবি পরিচালনা করে এরই মধ্যে বড়পর্দায় নিজের অভিষেক ঘটিয়েছেন আশিকুর রহমান। মুক্তির অপেক্ষায় আছে তাঁর পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি।